মাঝে মাঝে ভয়ে কুঁকড়ে যাচ্ছে জান্নাতুল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন নয় বছরের শিশু জান্নাতুলকে আজ মঙ্গলবার বিকেলে দেখতে গিয়েছিলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যানসহ বেশ কয়েকজন। এ সময় জান্নাতুল ভয়ে কুঁকড়ে মায়ের সঙ্গে মিশে যান। কেননা নির্যাতনের ঘটনায় জান্নাতুল এখন একধরনের ট্রমার মধ্যে আছে। এরপর কমিশনের চেয়ারম্যান তার মাথায় হাত বুলিয়ে দেন। জান্নাতুলের মা ফিরোজা বেগম জান্নাতুলের পিঠ, হাত ও পায়ের অসংখ্য পোড়া দাগ দেখান।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক জান্নাতুলকে অভয় দিয়ে বলেন, ‘এখন তোমাকে আর কেউ মারতে পারবে না। তোমার কোনো ভয় নেই। আমরা চাই নির্যাতনের শিকার শিশু রাকিব, রাজনের মামলার মতো তোমার নির্যাতনের মামলারও দ্রুত নিষ্পত্তি হবে। আমরা যথাযথ আইনি প্রক্রিয়ায় যাতে তদন্ত প্রতিবেদন দ্রুত দেয় তার জন্য পুলিশের ওপর চাপ দেব।’
জান্নাতুল ফেরদৌসের ওপর যে কায়দায় নির্যাতন করা হয়েছে, তা মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে কাজী রিয়াজুল হক বলেন, গৃহকর্তা ও গৃহকর্ত্রী নির্যাতন করার সময় মানবাধিকার তো দূরের কথা, এই শিশু যে একজন মানুষ, তা-ও ভুলে গিয়েছিলেন।
জান্নাতুলের মাথার তালুতে অনেকটা জায়গাজুড়ে ঘা। গরম ইস্তিরি দিয়ে ছ্যাঁকা দেওয়া হয়েছিল সেখানে। শুধু মাথা নয়, সারা শরীরে খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়া পোড়া দাগ। তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গাতেও নির্যাতন করেছে বলে জানায় জান্নাতুল। গাজীপুরের জয়দেবপুরে এক বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতে গিয়ে ভয়াবহ নির্যাতনের শিকার হয় সে।
জান্নাতুলের বাড়ি যেতে মন চাইত। গৃহকর্তা ওমর ফারুক ও তাঁর স্ত্রী মণি বেগমের কাছে এ নিয়ে আবদার করত। আর এই আবদারের ‘অপরাধে’ তাকে নির্যাতন করা হয় বলে জানায় জান্নাতুল।
বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটগুলোর জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন প্রথম আলোকে জানান, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। এগুলো শেষ হলে ওর মাথায় অস্ত্রোপচার করা হবে। শরীরের অন্য জায়গা থেকে চামড়া এনে মাথার তালুতে লাগানো হবে। নির্যাতরে ঘটনায় জান্নাতুল ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে। মাঝেমধ্যেই ভয়ে কুঁকড়ে যাচ্ছে।
জান্নাতুলের বাড়ি চাঁদপুরের হাইমচরে। গত ১৫ সেপ্টেম্বর প্রথমে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে ১ অক্টোবর প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। প্রথম আলো ট্রাস্ট তার চিকিৎসার যাবতীয় ব্যয় বহন করছে। এ ছাড়া চিকিৎসা শেষে পুনর্বাসন ও আইনি পরামর্শ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা করবে এই ট্রাস্ট।
কাজী রিয়াজুল হক প্রথম আলো ট্রাস্টের উদ্যোগের প্রশংসা করে বলেন, এই শিশুর পরিবারকে নিজ এলাকায় পুনর্বাসন না করে ঢাকায় পুনর্বাসন করা প্রয়োজন। জান্নাতুলের মায়ের জন্য একটি কাজের ব্যবস্থা করা গেলে তিনি আর সন্তানের উপার্জনের ওপর নির্ভর করবেন না। প্রথম আলো এই পরিবারের দায়িত্ব নিলে আসামিপক্ষের সঙ্গে আপস করার সুযোগ পাবে না এ পরিবার।
কাজী রিয়াজুল হক জান্নাতুলের পরিবারের মতো পরিবারগুলোকে চিহ্নিত করে রাষ্ট্র বিশেষ মাসিক ভাতা চালু করতে পারে বলেও উল্লেখ করেন। গৃহকর্মীদের সুরক্ষার পাশাপাশি আলাদা একটি আইন প্রণয়ন এবং আইনের প্রয়োগের বিষয়টিও তিনি গুরুত্ব দিয়ে তুলে ধরেন।