১৩২০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সমঝোতা স্মারক সই
মাঝে মাঝে লোডশেডিং ভালো: তৌফিক ইলাহী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠে কণ্ঠ মেলালেন তাঁর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। তিনি বলেছেন, মাঝে মাঝে কিছু লোডশেডিং হওয়া ভালো। না হলে অনেকে অতীত ভুলে যাবেন। লোডশেডিং না হলে সময়ের সঙ্গে সঙ্গে বিদ্যুৎ উৎপাদনে যে উন্নতি হয়েছে, তা আর তাঁদের স্মরণ থাকবে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিভিন্ন সময়ে একাধিকবার এ ধরনের কথা বলেছেন। এমনকি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের তিনি মাঝেমধ্যে কিছু কিছু লোডশেডিং দেওয়ার জন্য নির্দেশনা দেন বলেও জানা গেছে।
তৌফিক-ই-ইলাহী চৌধুরী লোডশেডিং সম্পর্কে কথা বলেছেন একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের লক্ষ্যে আয়োজিত এক সমঝোতা স্মারকে সই অনুষ্ঠানের পরে সাংবাদিকদের সঙ্গে আলোচনায়। গতকাল মঙ্গলবার সকালে বিদ্যুৎ ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে কক্সবাজারের মহেশখালীতে এক হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার ওই কেন্দ্র নির্মাণে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সমঝোতা স্মারকে সই করেছে চায়না হুয়াদিয়ান হংকং কোম্পানির সঙ্গে।
তৌফিক-ই-ইলাহী সাংবাদিকদের বলেন, বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা ১০ হাজার মেগাওয়াট ছাড়িয়ে গেলেও সাত হাজার মেগাওয়াটের বেশি উৎপাদন সম্ভব হচ্ছে না। কারণ, দুই হাজার মেগাওয়াট ক্ষমতার কেন্দ্র রক্ষণাবেক্ষণে আছে। আরও এক হাজার মেগাওয়াট ক্ষমতার কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র দাবদাহের কারণে সর্বোচ্চ উৎপাদন করতে পারছে না। গ্যাসের স্বল্পতার কারণেও উৎপাদন কম করতে হচ্ছে।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, এই সমঝোতা স্মারক চীন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সহযোগিতার সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত করেছে।
বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত লি জুন একে সহযোগিতার ক্ষেত্রে নতুন মাইলফলক উল্লেখ করেন। অনুষ্ঠানে বিদ্যুৎসচিব মনোয়ার ইসলাম, পিডিবির চেয়ারম্যান আবদুহু রুহুল্লাহ, হুয়াদুয়ান করপোরেশনের প্রেসিডেন্ট চেন নিওনগাও প্রমুখ উপস্থিত ছিলেন।
স্মারক অনুযায়ী, বাংলাদেশ ও চীনের এ দুটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান একটি যৌথ মালিকানাধীন কোম্পানি গঠন করে বিদ্যুৎকেন্দ্রটি করবে ২০১৯ সালের মধ্যে। এ জন্য বিনিয়োগের ৭০ শতাংশ ঋণ নেওয়া হবে। ৩০ শতাংশ দুই কোম্পানি সমানভাবে বিনিয়োগ করবে। ২৫ বছর ধরে বিদ্যুৎ পুরোটাই নেবে বাংলাদেশ।