মাঝেমধ্যে চলে অভিযান, বন্ধ হয় না মাদক ব্যবসা
কারওয়ান বাজার লাগোয়া রেললাইনের পাশে কয়েকজন কিশোর দাঁড়িয়ে, একজন কথা বলছে আর অন্যরা শুনছে। কাছে যেতেই কথা থেমে যায়। এক কিশোর এগিয়ে এসে জানতে চায়, কিছু লাগবে কি না। তার কাছে ভালো গাঁজা আছে। দাম জানতে চাইলে কিশোরের উত্তর দেওয়ার আগেই পঞ্চাশোর্ধ এক ব্যক্তি এগিয়ে এসে বললেন, ‘আমার কাছে ভালো জিনিস আছে।’ এ কথপোকথন গত মঙ্গলবার বিকেলের।
কথাবার্তার একপর্যায়ে জানা গেল, বছর দশেকের ওই কিশোরের নাম মো. সোহেল। দুই মাস ধরে মাদক বিক্রি করছে। বয়স্ক যে ব্যক্তি, তাঁর নাম রতন পাহাড়ী। কত দিন ধরে এ ব্যবসা করছেন? রতনের উত্তর, ‘এত কথা জিগান ক্যান? নেবেন কি না কন?’
শুধু কারওয়ান বাজার এলাকা নয়, রাজধানীর বিভিন্ন স্থানে গড়ে ওঠা মাদকের আখড়াগুলোতে এভাবেই প্রকাশ্যে চলে মাদক ব্যবসা। পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাঝেমধ্যে অভিযান চালায়। কিন্তু ব্যবসা আর বন্ধ হয় না।
অভিযোগ রয়েছে, মাদক ব্যবসা থেকে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা মাসোহারা পান। এ কারণে ব্যবসা বন্ধ হয় না। অভিযানের নামে যা হয়, তা বেশির ভাগ ক্ষেত্রে লোক দেখানো।
জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক (ঢাকা মেট্রো উপ-অঞ্চল) রবিউল ইসলাম বলেন, ‘আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো বস্তি এলাকা। যারা এখানে বসবাস করে, তারাই এ ব্যবসার সঙ্গে জড়িত। এ কারণে পুরোপুরি এ অপরাধ বন্ধ করা কঠিন।’
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজধানীতে মাদক কেনাবেচা হয় ৯৫টি স্থানে। এর মধ্যে কারওয়ান বাজার রেললাইন বস্তি, তেজগাঁও কলেজের সামনের পার্ক এলাকা, সোহরাওয়ার্দী উদ্যান, সোয়ারীঘাট এলাকা, আগারগাঁও বিএনপি বস্তি, জেনেভা ক্যাম্প, মিল্লাত ক্যাম্প, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আশপাশ, নীলক্ষেত বাবুপুড়া বস্তি এলাকা, হাজারীবাগ সুইপার কলোনি, ধানমন্ডি লেকপাড়, উত্তরা মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকা, বাউনিয়া বাঁধ এলাকা, মেরুল-বাড্ডা ডিআইটি প্রজেক্ট, বাড্ডার নতুন বাজার এলাকা, মুগদা বিশ্বরোড ও স্টেডিয়াম এলাকা, মুগদা ঝিলপাড় কবরস্থান এলাকা, উত্তর মুগদা রানীর রিকশার গ্যারেজ টিটিপাড়া বস্তি এবং গেন্ডারিয়া নামাপাড়া বস্তিতে বেশি ব্যবসা হয়।
নথিপত্র ঘেঁটে দেখা গেছে, ডিএমপি, র্যাব, সিআইডি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের মাদকবিরোধী অভিযানে রাজধানীর বিভিন্ন থানায় ২০১৪ সালে মোট ৭ হাজার ৬৩টি মামলা হয়েছে। ২০১৫ সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এ চারটি সংস্থার অভিযানে মামলা হয়েছে ৯৩৭টি।
মাদকবিরোধী অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনের ভাষ্য, গ্রেপ্তারের পর মাদক ব্যবসায়ীরা জামিনে বের হয়ে আবার এ ব্যবসা শুরু করেন। স্থানীয়ভাবে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিরা মাদক ব্যবসায়ীদের আশ্রয় দেন। আবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসাধু কর্মকর্তাদের সঙ্গেও তাঁদের থাকে সখ্য।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান বলেন, ‘মাদকের ব্যাপারে আমাদের অবস্থান জিরো টলারেন্স।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনের সড়কের ফুটপাত মাদক সেবনের জন্য পরিচিত স্থান। মঙ্গলবার সন্ধ্যায় গিয়ে দেখা গেল, কয়েকজন কিশোর জটলা করে মাদক সেবন করছে। কাছে যেতেই সবাই সটকে পড়ে। সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনসংলগ্ন এলাকায় দেখা যায়, সেখানে দেদার চলছে মাদক ব্যবসা ও সেবন। সিগারেট বিক্রেতা এক নারীর কাছে পরপর বেশ কয়েকজন যুবক যাচ্ছেন। আর ওই নারী টাকা নিয়ে হাতে কিছু একটা গুঁজে দিচ্ছেন। কাছে যেতেই ওই নারী হেসে বললেন, ‘শ্যাষ হইয়া গেছে। আর নাই।’ ফার্মগেটসংলগ্ন পার্কে গিয়েও দেখা গেল একই দৃশ্য।