মাটি অপসারণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর পৌরসভার ওপর দিয়ে বয়ে যাওয়া নন্দকুঁজা নদীর পাড় প্রায় ছয় মাস আগে ভরাট করা হয়েছিল। অবশেষে গত বুধবার থেকে সেই ভরাট করা মাটি অপসারণ করা শুরু হয়েছে। পৌরসভার নিজস্ব ব্যয়ে ওই মাটি অপসারণ করা হচ্ছে।
গত বছরের ১৪ মে প্রথম আলোয় ‘নদী দখল করে শহর সম্প্রসারণ’ শীর্ষক একটি প্রতিবেদন ছাপা হয়। তখন বিষয়টি পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও পরিবেশ অধিদপ্তরের নজরে আসে।
বুধবার সকাল ১০টার দিকে নদীর পাড়ে গিয়ে দেখা যায়, মেয়র শাহনেওয়াজ আলী কোদাল ধরে মাটি অপসারণ করছেন। আনুষ্ঠানিকতার পর শতাধিক শ্রমিক ভরাট মাটি কোদাল দিয়ে নদীতে ফেলছেন। এ সময় সেখানে গড়ে ওঠা অন্তত ১০টি অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়। সহকারী কমিশনার (ভূমি) মো. মোবারক হোসেন পারভেজ উপস্থিত থেকে কার্যক্রম পরিচালনা করেন। এ সময় জরিপকারী (সার্ভেয়ার) আমিনুল ইসলাম, পৌরসভার সচিব হাফসা শারমীন, পৌর কাউন্সিলর মোশারফ হোসেন, মনোয়ার কাদির প্রমুখ উপস্থিত ছিলেন।
মোবারক হোসেন বলেন, নদী ভরাটের কারণে সে সময় পরিবেশ অধিদপ্তর মেয়রকে কয়েক দফা কারণ দর্শাও নোটিশ দেয় এবং ঢাকায় তলব করে মেয়রকে দুই লাখ টাকার আর্থিক জরিমানাসহ পৌরসভার নিজ খরচে ভরাট মাটি অপসারণ করার নির্দেশ দেয়। কিন্তু বন্যার পানিতে নদী ভরে যাওয়ায় অপসারণকাজ বাধাগ্রস্ত হয়। এখন নদী শুকিয়ে যাওয়ায় ওই নির্দেশ পালন করা হচ্ছে।
উপজেলা ভূমি কার্যালয় সূত্র জানায়, গত বছরের মে মাসে পৌরসভা কর্তৃপক্ষ অনুমতি ছাড়াই নন্দকুঁজা নদীর চাঁচকৈড় বাজারের সাহাপাড়া মসজিদ থেকে রসুনহাট পর্যন্ত প্রায় ২০ মিটার প্রস্থ ও ৪০০ মিটার দীর্ঘ এলাকাজুড়ে নদী ভরাট করে। খননযন্ত্র দিয়ে (ড্রেজার) নদী থেকে মাটি তুলে নদীর পাড় দখল করে এবং ভরাট জায়গায় গরুর হাট বসায়।
পৌর মেয়র শাহনেওয়াজ আলী বলেন, অবৈধ দখল বন্ধ, নদীভাঙন এবং শহর উন্নয়নের কথা বিবেচনা করেই নন্দকুঁজা নদীর পাড়ে কিছুটা মাটি ফেলে ভরাট করা হয়েছিল। পরিবেশ অধিদপ্তরের আপত্তি এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়েই ভরাট করা বর্ধিত অংশ অপসারণ করা হচ্ছে। অপসারণকাজ কত দিনের মধ্যে সম্পন্ন করবেন—এ প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘আশা করছি আগামী দুই সপ্তাহের (২১ জানুয়ারি) মধ্যে কাজ সম্পন্ন করা হবে।’