মাটি কাটার প্রতিবাদ করায় ভাঙচুর
ফসলি জমির মাটি কেটে নেওয়ার প্রতিবাদ করায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গতকাল শনিবার আওয়ামী লীগের কর্মীরা বিএনপির কর্মীদের ওপর হামলা চালিয়েছে। এ সময় বিএনপি কর্মীদের বসতঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় তিনজন টেঁটাবিদ্ধসহ ২০ জন আহত হয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার নুনেরটেক গ্রামের পাশে মেঘনা নদীর তীরে কৃষকদের ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে নেওয়া হচ্ছে। এর প্রতিবাদ করায় আওয়ামী লীগ কর্মী ওসমান গনির নেতৃত্বে তাঁর সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে গতকাল বেলা দুইটার দিকে বারদী ইউনিয়নৎ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দেলোয়ার হোসেনের ওপর হামলা চালান। এরপর তাঁরা বিএনপির কর্মীদের ওপর হামলা চালান। এতে নুরুল ইসলাম, তাজুল ইসলাম, সাধু মিয়া, শামসুল হক, মহসিন মিয়া, সাত্তার মিয়া, পাখি আক্তার, রিনা আক্তার, আবদুল লতিফ, আবুল কাসেম, শুক্কুর মিয়া, সানাউল্লাহ, মফিজ উদ্দিন, আজগর আলী, মাসুদ মিয়াসহ ২০ জন আহত হন। এঁদের মধ্যে টেঁটাবিদ্ধ মফিজ উদ্দিন, আজগর আলী, মাসুদ মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
বিএনপি নেতা দেলোয়ার হোসেন জানান, আওয়ামী লীগের কর্মীরা তাঁদের ওপর হামলা চালিয়ে তাঁদের আটটি বসতঘর ভাঙচুর ও ছয় লাখ টাকার ক্ষতিসাধন করেছেন।
আওয়ামী লীগ কর্মী ওসমান গনি হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এ হামলায় আমি জড়িত নই।’