মাটি কাটায় ঝুঁকিতে ফেরিঘাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৌলতদিয়া লঞ্চঘাট ও ১ নম্বর ফেরিঘাটের মধ্যবর্তী স্থান থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে। সম্প্রতি তেলা ছবি l প্রথম আলো
দৌলতদিয়া লঞ্চঘাট ও ১ নম্বর ফেরিঘাটের মধ্যবর্তী স্থান থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে। সম্প্রতি তেলা ছবি l প্রথম আলো

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট ও ১ নম্বর ফেরিঘাটের মধ্যবর্তী স্থান থেকে কিছুদিন ধরে স্থানীয় একটি চক্র খননযন্ত্র দিয়ে অবৈধভাবে মাটি কাটছে। এতে ওই স্থানে গভীর গর্ত হওয়ায় আশপাশের বসতবাড়ি ও ফেরিঘাট ভাঙনের হুমকির মুখে পড়েছে।
ওই ঘটনায় ১২ জানুয়ারি মাটি কাটা বন্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা অঞ্চলের উপপরিচালক এবং বন্দর ও পরিবহন কর্মকর্তা সুলতান আহম্মদের সই করা একটি চিঠি বিআইডব্লিউটিএর সচিব, বন্দর বিভাগের পরিচালক, রাজবাড়ীর পুলিশ সুপার, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও গোয়ালন্দ ঘাট থানাসহ বিভিন্ন দপ্তরে পাঠান। এতে বলা হয়, আইন অনুযায়ী লঞ্চ ও ফেরিঘাটের মধ্যবর্তী সীমানার ভূমি বন্দর সীমানাভুক্ত। বিআইডব্লিউটিএর অনুমতি ছাড়া ওই এলাকা থেকে কেউ বালু ও মাটি উত্তোলন করতে পারবেন না।
সুলতান আহম্মদ বলেন, ‘ওই জমি বিআইডব্লিউটিএর এখতিয়ারভুক্ত। এখানে অবৈধভাবে একটি চক্র মাটি কাটছে। এতে আগামী বর্ষায় ফেরিঘাট ভেঙে পড়ার আশঙ্কা করছি। দ্রুত মাটি কাটা বন্ধে প্রশাসনের সহযোগিতা চেয়েছি।’
ওই স্থানে মাটি কাটার কাজের তদারকির দায়িত্বে থাকা কমর উদ্দিন গতকাল মঙ্গলবার বলেন, ‘স্থানীয় মধু খাঁ, নিজাম শেখ, সাহেব আলী সরদার ও নুইরা খাঁর জমি থেকে মাটি কাটা হচ্ছে। প্রতিদিন চারটি ট্রাক দিয়ে ৪০-৫০ ট্রাক মাটি বিভিন্ন ইটভাটায় যাচ্ছে। জমির মালিকেরা প্রতিটি ছোট ট্রাক থেকে ৪০ ও বড় ট্রাক থেকে ১০০ টাকা পান। এ জন্য খননযন্ত্রের মালিককে দিতে হয় ২০০ টাকা। এর চালক মিরাজ মোল্লাকে দেওয়া হয় মাসে ১০ হাজার টাকা। বর্ষায় পলি ও বালু এসে গর্ত ভরাট হওয়ায় আশপাশের বসতবাড়ির সমস্যা হবে না।’
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ১ নম্বর ফেরিঘাটের ১০০ গজ পাশ থেকে খননযন্ত্র দিয়ে মাটি কেটে গভীর গর্ত করা হয়েছে। এ বিষয়ে কথা বলার জন্য অভিযুক্ত ব্যক্তিদের দেওয়া সময় অনুযায়ী একাধিকবার সেখানে গেলেও তাঁরা এ প্রতিনিধির সঙ্গে দেখা করেননি। এ বিষয়ে কথাও বলেননি।
স্থানীয় সিদ্দিক কাজীপাড়া গ্রামের আকলিমা, বিপুল সরদার, নিপু সরদার, মর্জিনা আকতারসহ কয়েকজন বলেন, যেভাবে গর্ত করে মাটি কাটছে তাতে আগামী বর্ষায় বাড়িঘর ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। এ ব্যাপারে মানা করা হলেও খননকারীরা শোনেননি। খননকারীদের ভয়ে অনেকেই প্রতিবাদ করতে সাহস পান না।
গোয়ালন্দ থানার ওসি এস এম শাহজালাল বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ ঘোষ বলেন, মাটি কাটা বন্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ চেয়ে একটি অনুলিপি পেয়ে খোঁজ নেওয়া হচ্ছে। ওই জমি ব্যক্তিমালিকানাধীন হলে কিছু করার নেই। তবে সরকারি জমি থেকে মাটি কাটলে ছাড় দেওয়া হবে না।