মাটি কেটে নেওয়ার সময় পিটুনি
চাঁদা না পেয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দৌলরদী গ্রামে গত রোববার রাতে দুই কৃষকের ফসলি জমির মাটি কেটে নেয় সন্ত্রাসীরা। পরে গ্রামবাসী সন্ত্রাসীদের ধাওয়া দিয়ে দুজনকে আটক করে পিটুনি দেন।
দৌলরদী গ্রামের কয়েকজন বাসিন্দা ও পুলিশ জানায়, সনমান্দি ইউনিয়নের দৌলরদী গ্রামের কৃষক আবদুর রশিদ ভূঁইয়ার কাছে একই এলাকার আসাব উদ্দিন ও কাইকারটেকের ফরিদ হোসেন দুই লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। চাঁদা না পেয়ে আসাব ও ফরিদের নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী রোববার সন্ধ্যার পর থেকে ব্রহ্মপুত্র নদের তীরে দৌলরদী গ্রামে আবদুর রশিদ ভূঁইয়া ও তাঁর বড় ভাই দেলোয়ার হোসেন ভূঁইয়ার ফসলি জমির মাটি কাটা শুরু করে। টের পেয়ে রাত সাড়ে আটটার দিকে গ্রামবাসী সন্ত্রাসীদের ধাওয়া দিলে তারা মাটি বহনের কাজে ব্যবহূত দুটি ট্রলার নদীর তীরে রেখেই পালিয়ে যায়। গ্রামবাসী শাহীন গাজি ও আতাউর রহমানকে আটক করে পিটুনি দেয়। পরে তাঁদের পুলিশে সোপর্দ করে।
আসাব উদ্দিন ও ফরিদ হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা চাঁদা দাবি ও মাটি কাটার অভিযোগ অস্বীকার করেন।
সোনারগাঁ থানার ওসি আতিকুর রহমান খান জানান, মাটি কাটার ঘটনায় মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় আটক দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।