দিনাজপুরের বিরামপুর উপজেলার চণ্ডীপুরের তিলেশ্বরী আড়ার ঢিবির মাটি কেটে নিয়ে যাচ্ছেন এলাকার প্রভাবশালী ব্যক্তিরা। ওই ঢিবির নিচেই রয়েছে অষ্টম শতকের পাল আমলের একটি প্রাচীন বিষ্ণুমন্দির। ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত খননের ফলে গত এপ্রিলে মন্দিরটির সন্ধান মেলে। মাটি কাটার ফলে প্রত্নতাত্ত্বিক এ নিদর্শনটি হুমকির মুখে পড়েছে। দুই বছর আগেও এভাবে মাটি কাটা হয়েছিল। তখন বহু মূল্যবান বেশ কিছু প্রত্নতাত্ত্বিক নির্দশন চুরি হয়ে যায়।গত বধুবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থল পরিদর্শন করে মাটিভর্তি ৫০-৬০টি বস্তা জব্দ করেন এবং ওই ঢিবির মাটি না কাটার নির্দেশ দেন।সরেজমিনে দেখা যায়, ঢিবির পশ্চিম অংশের মাটি কেটে বস্তায় ভরে রাখা হয়েছে। এলাকাবাসী অভিযোগ করে, গত ৩১ মে ও ১ জুন তারিখে কয়েক শ বস্তা মাটি কেটে নেওয়া হয়েছে। মাটি কাটতে আসা লোকজনকে বাধা দেওয়া হয়। কিন্তু যাঁদের নির্দেশে মাটি কাটা চলছে, তাঁরা এলাকার প্রভাবশালী লোক। কোনো বাধাই তারা মানছেন না।চণ্ডীপুর গ্রামের শরিফুল ইসলাম বলেন, ‘ভোরে ঘুম থেকে উঠে দেখি, ছয়-সাতজন লোক ঢিবির মাটি কেটে বস্তায় ভরছে। কারণ জানতে চাইলে শ্রমিকেরা বলেন, এলাকার আবু তাহেরের নির্দেশে মাটি কাটছেন তাঁরা।’ অনেক চেষ্টা করেও আবু তাহেরের সঙ্গে কথা বলা যায়নি। তিনি কোথায় গেছেন পরিবারের সদস্যরা তা জানাতে পারেনি।চণ্ডীপুর গ্রামের অপর এক বাসিন্দা আলমগীর হোসেন অভিযোগ করেন, আবু তাহের জাল দলিল করে এ ঢিবিটা অনেক দিন থেকেই দখলের পাঁয়তারা করছেন।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক স্বাধীন সেন প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের প্রতিবেশ প্রত্নতত্ত্ব দলের শিক্ষক-শিক্ষার্থীদের একটি দল গত ২০০৭ সালে বিরামপুর উপজেলার ৭ নম্বর পলিপ্রয়াগপুর ইউনিয়নের চণ্ডীপুর গ্রামে তিলেশ্বরী আড়ায় প্রথম দফা খননকাজ শুরু করে। ২০১০-এর এপ্রিলে খননকাজ শেষ হয়। কাজ শেষে পুরো মন্দিরটি প্লাস্টিকের আচ্ছাদন দিয়ে ঢেকে পুনরায় মাটিচাপা দেওয়া হয়। তিনি বলেন, প্রত্নতাত্ত্বিকভাবে মহামূল্যবান মন্দিরটি সংরক্ষণে সরকারের উচিত, মন্দির এলাকার পুরো জমি অধিগ্রহণ করা। স্বাধীন সেন আরও বলেন, ‘২০০৮ সালেও একটি মহল মন্দির এলাকার মাটি কেটে বহু মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন চুরি করে নিয়ে যায়।’ বিরামপুরের ইউএনও আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে তিনি তাৎক্ষণিকভাবে মুঠোফোনে বিষয়টি সংশ্লিষ্ট ৭ নম্বর পলিপ্রয়াগপুর ইউনিয়নের চেয়ারম্যান রহমত আলীকে জানিয়েছেন। ঢিবি থেকে কোনো মাটি না কাটার জন্য চেয়ারম্যান ও এলাকাবাসীকে নির্দেশ দিয়েছেন তিনি।