মাটি কেটেও মজুরি পাচ্ছেন না নারীরা
‘ই রুজার (রমজান) মাসেও পরের কাছে ভাত চাইয়া রুজা রাখি। আর ইফতার করি শুধু পানি দিয়া। টাকা না পাইলে ছেলে মেয়েক ঈদে সেমাইও খাওয়াতে পারমুনা।’এই আশঙ্কা বগুড়ার শেরপুর উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দৈনিক মজুরিভিত্তিক শ্রমিক মর্জিনা খাতুনের। প্রতিদিন রাস্তা সংস্কারের কাজ করলেও গত এপ্রিল মাস থেকে বেতন পাচ্ছেন না তিনি। তাই কয়েক দিন আগে অন্যদের মতো ছেলেমেয়েকে নিয়ে ঈদের খুশি উদ্যাপন করতে না পারার এই আশঙ্কা প্রকাশ করেন তিনি। মর্জিনা খাতুনের মতো এলজিইডির আরও ৮৯ জন নারী শ্রমিক বেতন পাচ্ছেন না। তাঁরা বিধবা কিংবা স্বামী পরিত্যক্তা। তাই তাঁদের পরিবারে বিকল্প আয়ের কোনো ব্যবস্থা নেই। এ অবস্থায় বেতন বন্ধ থাকায় তাঁরা এখন অর্ধাহারে এবং ধারদেনা করে খুব কষ্টে দিন কাটাচ্ছেন।এলজিইডির শেরপুর কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার নয়টি ইউনিয়নে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরইআরএমপি) আওতায় একজন শ্রমিক দৈনিক ৯০ টাকা মজুরিতে মাটি কাটার কাজ করেন। প্রকল্পটি ২০০৮ সাল থেকে শুরু হয়েছে। এ প্রকল্পে উপজেলার নয়টি ইউনিয়ন থেকে ৯০ জন নারী শ্রমিক কাজ করেন। এই নারী শ্রমিকদের মধ্যে উপজেলার কুসুম্বীর ইউনিয়নের লাইলি খাতুন জানান, তিনি মজুরির টাকায় কষ্ট করে সংসার চালান। এখন মজুরির টাকা নিয়মিত না পাওয়ায় তাঁদের আধাপেট খেয়ে জীবন বাঁচিয়ে রেখেছেন। নারী শ্রমিক মোর্শেদা খাতুন ও মনোয়ারা বেওয়া জানান. তাঁরা চলতি মাসসহ পাঁচ মাস ধরে মজুরির টাকা পান না। কিন্তু সড়কের কাজ তাঁদের প্রতিদিনই করতে হয়। প্রত্যেক মাসে টাকার জন্য অফিসে ধরনা দিয়ে টাকা না পাওয়ায় তাঁদের খালি হাতে বাড়ি ফিরে যেতে হয়।আরেক শ্রমিক মেরিনা খাতুন জানান, এই প্রকল্পের সব নারী শ্রমিক এখন গ্রামের লোকজনের কাছ থেকে নগদ টাকা ও চাল ধার করে চলছেন। ঈদের আগে পাওনাদারেরা টাকার জন্য তাঁদের ওপর চাপ দিচ্ছেন। পাওনাদারের টাকা শোধ করতে এখন দুশ্চিন্তায় আছেন তাঁরা।উপজেলা প্রকৌশলী মো. শামছুজ্জামান জানান, ওই প্রকল্পে টাকা বরাদ্দ করা হয়নি। এ কারণে গত এপ্রিল মাস থেকে ওই সব দুস্থ নারী শ্রমিকদের মজুরির টাকা দেওয়া যায়নি। এ ব্যাপারে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন।