
মাটির ওপরে ইটের টুকরা, ঘাস। সেই ঘাসের ওপর চরে বেরাচ্ছে গরু-ছাগল। দুর্গন্ধ ছড়াচ্ছে কোথাও কোথাও। এমন মাটির ঢিবি ও ইটের টুকরা সরিয়ে পাওয়া গেছে প্রাচীন দুটি পাতকুয়া; যেগুলো থেকে দুর্গনগর মহাস্থানে পানি সরবরাহ করা হতো বলে ধারণা করছেন খননকাজের সঙ্গে যুক্ত লোকজন।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার করতোয়া নদীর পশ্চিম তীরে যে স্থানটি মহাস্থানগড় নামে পরিচিত, সেখানে এককালে ছিল প্রাচীন বাংলার রাজধানী ‘পুণ্ড্রনগর’। সেই রাজধানীতে ছয় বর্গমিটার এলাকার মাটি খুঁড়ে এই পাতকুয়ার সন্ধান পাওয়া গেছে। তবে এগুলো ঠিক কোন সময়ের, তা পরীক্ষা-নিরীক্ষার পর জানানো হবে।
প্রত্নতত্ত্ব অধিদপ্তর সূত্র জানায়, মাটি খুঁড়ে প্রাচীন ইতিহাস উদ্ধারে মহাস্থানগড়ে প্রত্নতাত্ত্বিক খননের কাজ শুরু হয় ১৯৯৩ সালে, বাংলাদেশ ও ফ্রান্সের যৌথ উদ্যোগে। মাঝে দুই বছর বন্ধ থাকলেও পরে আবার তা শুরু হয়। এর আগে বিভিন্ন সময়ে ১৭ দফায় এখানে খননকাজ চালানো হয়।
সূত্র জানায়, এবার চলছে ১৮তম খননকাজ। মহাস্থান দুর্গনগরের মাঝামাঝি এলাকা লইয়েরকুড়ি মাঠ নামে পরিচিত ভিটায় ১ নভেম্বর থেকে এই খননকাজ শুরু হয়। চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। ইতিমধ্যে বেরিয়ে এসেছে প্রাচীনকালের এই পাতকুয়া। সেই সঙ্গে ঐতিহাসিক নিদর্শনস্বরূপ পাওয়া গেছে দেয়াল, মৃৎপাত্র, পোড়া মাটির ফলক ও কাচের টুকরা।
এবারের খননকাজে নেতৃত্ব দিচ্ছেন ফ্রান্স ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চের সদস্য ও প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞ জঁ ফ্রাসোয়া সালস্। খননকাজ তত্ত্বাবধান করছেন ফ্রান্সের প্রত্নতত্ত্ব বিভাগের পরিচালক ভিনসেন্ট লাফেবরি। আর তাঁদের সহযোগী হিসেবে কাজ করছেন খনন বিশেষজ্ঞ কলিন লাফেবরি, শিল্পকলা ও ইতিহাসের শিক্ষক মেরি ফ্রাসোয়া বুসে, মূর্তিতত্ত্ববিদ সুজান এবং ফ্রান্সের শিক্ষার্থী অ্যালবো। এ ছাড়া বাংলাদেশের পক্ষে আছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রংপুর জাদুঘরের সহকারী তত্ত্বাবধায়ক সঞ্জয় কুমার রায়, খুলনা বিভাগীয় জাদুঘরের সহকারী তত্ত্বাবধায়ক শাহীন আলম প্রমুখ। সার্বিক তত্ত্বাবধান করছেন বগুড়ার মহাস্থান জাদুঘরের তত্ত্বাবধায়ক মোহাম্মদ সাদেকুজ্জামান। ২৭ জন শ্রমিক রয়েছেন খনন ও পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত।
সঞ্জয় কুমার রায় বলেন, দুটি পাতকুয়ার সন্ধান পাওয়ার পর ধারণা করা হচ্ছে, এই স্থান থেকে দুর্গনগর মহাস্থানে পানি সরবরাহ করা হতো।
খননকাজ শুরু হওয়ায় এলাকার মানুষের মধ্যে প্রবল আগ্রহ দেখা দিয়েছে। গড়মহাস্থান গ্রামের একরামুল হক (৫৫) বলেন, মহাস্থানগড়ের প্রতি ইঞ্চি মাটির নিচে লুকিয়ে আছে পুণ্ড্রনগরের প্রত্নাবশেষ। পুণ্ড্রনগরের শত-সহস্র মানুষের কোলাহল, সুখ-দুঃখ, হাসি-কান্না, রাজ্যপাট, অনুশাসনের স্তূপের ওপর এখন গেঁয়ো মেঠোপথ, কোথাও সবজিখেত। প্রত্নতাত্ত্বিকেরা মাটি খুঁড়ে সেই চাপা পড়া ইতিহাস তুলে আনছেন বটে, কিন্তু এই আনার গতি অতি ধীর।