মাটি খুঁড়ে উদ্ধার করা হলো অটোরিকশাটি
বাড়ির উঠানের মাটি খুঁড়ে উদ্ধার করা হলো অটোরিকশাটি। গতকাল শনিবার সকাল সাড়ে ছয়টায় ঠাকুরগাঁও সদর উপজেলার উত্তর হরিহরপুর গ্রামের শাওনিয়াপাড়ার বাবলু মাস্টারের বাড়ির উঠানের মাটির নিচ থেকে এটি উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গত ৯ আগস্ট চালক আজাহার আলীকে হত্যা করে ছিনতাইকারীরা নিয়ে যায় অটোরিকশাটি। ঠাকুরগাঁও সদর উপজেলার গৌরীপুরের বন বিভাগের সেগুনবাগান এলাকায় এটি নিয়ে যাওয়া হয়।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চক্রবর্তী জানান, বুধবার একটি চুরির মামলায় গ্রেপ্তার হন ঠাকুরগাঁও সদর উপজেলার চণ্ডিপুরের গলিম বাবুরহাট এলাকার রবি ঠাকুর। তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে অভিযান চালিয়ে অটোরিকশাটি মাটির নিচ থেকে উদ্ধার করা হয়। অটোরিকশাটির পেছনে আজাহার আলীর ছেলের নাম ও মুঠোফোন নম্বর লেখা পাওয়া যায়।উত্তর হরিহরপুরের শাওনিয়াপাড়ার বাবলু মাস্টারের বাড়িটি তাঁর ভগ্নিপতি ঠাকুরগাঁও জজ আদালতের রেকর্ড কিপার রফিকুল ইসলাম ব্যবহার করছিলেন। তিনি বিভিন্ন স্থানের চুরি, ছিনতাই ও ডাকাতি হওয়া মোটরসাইকেল, ইজিবাইকসহ বিভিন্ন ধরনের যানবাহন কেনাবেচার সঙ্গে জড়িত বলে ধারণা করছে পুলিশ।অটোরিকশার আরও বেশ কিছু যন্ত্রাংশ রফিকুলের শ্বশুরবাড়ি হরিহরপুর এবং ঠাকুরগাঁও রোড বাগানবাড়ি শিমুলতলার সবুজ মিয়ার গ্যারেজ থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গ্যারেজের মালিক সবুজকে আটক করে পুলিশ।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চক্রবর্তী বলেন, মাটি খুঁড়ে উদ্ধার করা পর অটোরিকশাটির পেছনে আজাহার আলীর ছেলের নাম এবং মুঠোফোন নম্বর লেখা পাওয়ায় ওই হত্যাকাণ্ডতে এই চক্রটি সম্পৃক্ত ছিল বলে শনাক্ত করা হয়েছে।দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বলরামপুর গ্রামের আজাহার আলীকে শ্বাসরোধে হত্যার পর অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।