মাটি খুঁড়ে চোরাই মোটরসাইকেল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় মাটির নিচে পুঁতে রাখা একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
গত বুধবার রাতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বেলহালী পূর্ব পাড়ায় অভিযান চালিয়ে পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে লোকমান আলী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গুনাহার ইউনিয়নের নূরপুর গ্রামের ইব্রাহিম আলী ১ এপ্রিল সন্ধ্যায় উপজেলার চৌমহনী বাজারে মোটরসাইকেলটি রেখে দোকানে কেনাকাটা করতে যান। এর মধ্যে এটি চুরি হয়ে যায়। এরপর ইব্রাহিম বিভিন্ন স্থানে খোঁজ করেন। একপর্যায়ে জানতে পারেন, তাঁর মোটরসাইকেলটি বেলহালী পূর্ব পাড়ার লোকমানের বাড়িতে রয়েছে। এরপর ইব্রাহিম বিষয়টি দুপচাঁচিয়া থানার পুলিশকে জানান। পরে বুধবার রাতে পুলিশ লোকমানের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
পাশাপাশি লোকমানের বাড়ির গোয়ালঘরের মাটি খুঁড়ে মোটরসাইকেলটি উদ্ধার করে। ওই দিন রাতেই ইব্রাহিম বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় মামলা করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, লোকমানের কাছ থেকে মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত কয়েকজনের নাম পাওয়া গেছে।