মাটি খুঁড়ে পাথর তোলার হিড়িক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ-প্রতিবেশ সংকটাপন্ন এলাকা কক্সবাজারের প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে যত্রতত্র মাটি খুঁড়ে প্রাকৃতিকভাবে সৃষ্ট বড় পাথর আহরণের হিড়িক পড়ে গেছে। এসব পাথর হোটেল-মোটেলসহ নানা ধরনের অবকাঠামো নির্মাণকাজে ব্যবহার করা হচ্ছে। এতে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। গত রোববার সরেজমিন পরিদর্শন করে দেখা যায়, দ্বীপের দক্ষিণপাড়া ও পূর্বপাড়াসহ বিভিন্ন জায়গায় কয়েক একর ফসলি জমি খুঁড়ে শ্রমিকেরা বড় বড় পাথর আহরণ করছেন। দ্বীপের বিভিন্ন জায়গায় এসব পাথর চূর্ণ করে স্তূপ করে রাখতেও দেখা গেছে।দেখা যায়, সমুদ্রসৈকতের পশ্চিম পাড়ে বিশাল চরে ঘর নির্মাণ করেছেন ঢাকার এক প্রভাবশালী ব্যক্তি। তাঁর জমিতে একটি সাইনবোর্ডও লাগানো হয়েছে। তাতে লেখা, ‘এই জমির ক্রয়সূত্রে মালিক দীন এ রানা।’ ওই জমি থেকে ১০-১৫ জন শ্রমিককে কয়েক ফুট মাটির নিচ থেকে বড় বড় পাথর তুলে আনতে দেখা যায়। শ্রমিকদের মাঝি (নেতা) টেকনাফের দমদমিয়ার মো. হোসেন বলেন, ঈদের পরদিন থেকে তাঁরা ১০-১৫ শ্রমিক পাথর তোলার কাজ করছেন। তিনি বলেন, ‘দৈনিক ২৫০ টাকা মজুরিতে আমাদের নিয়োগ দেওয়া হয়েছে। এই পাথর দিয়ে রানা সাহেব নিজের জমির সীমানাপ্রাচীর তৈরি করবেন।’ দীন এ রানার মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পাওয়ায় তিনি ‘এখন ব্যস্ত আছি, পরে যোগাযোগ করেন’ বলে সংযোগ কেটে দেন। দেখা যায়, দ্বীপের যত্রতত্র পাথর তোলার হিড়িক পড়েছে। সৈকত ও মাটি খুঁড়ে আহরণ করা পাথর দিয়ে ইতিমধ্যে দ্বীপের দক্ষিণ-পশ্চিমাংশে কয়েক একর জমির সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়েছে। এই পাথর দিয়ে তৈরি করা হচ্ছে হোটেল-মোটেল-কটেজসহ নানা অবকাঠামো। যদিও ২০০১ সালের পরিবেশ আইনে প্রতিবেশ সংকটাপন্ন এই দ্বীপে পাথর আহরণ, মাটির পরিবর্তন ও অবকাঠামো নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, নিষেধাজ্ঞার কারণে সেন্ট মার্টিনে বসবাসকারী প্রায় সাত হাজার মানুষ ঘরবাড়ি নির্মাণ করতে পারছেন না। এখানকার ৯০ শতাংশ বসতবাড়ি বাঁশের বেড়া ও গোলপাতা অথবা টিনের ছাউনি দিয়ে তৈরি। গত কয়েক বছরে এ ঘরগুলো নষ্ট হয়ে গেছে। এতে তাঁদের দুর্ভোগের সীমা নেই। অথচ বাইরের প্রভাবশালী ব্যক্তিরা সেন্ট মার্টিনে এসে পাথর তুলে হোটেল-মোটেল নির্মাণ করছেন। পরিবেশ অধিদপ্তরের টেকনাফ অঞ্চলের জীববৈচিত্র্য কর্মকর্তা এ বি এম আমিনুল হক বলেন, কয়েক দিন আগে সেন্ট মার্টিন গিয়ে সংশ্লিষ্ট লোকজনকে পাথর না তোলার জন্য নিষেধ করা হয়েছে। কয়েকজন জমির মালিককে এ ব্যাপারে নোটিশ দিয়েও সতর্ক করা হয়েছে। কিন্তু তারপরও পাথর উত্তোলন বন্ধ করা যাচ্ছে না। আমিনুল হক বলেন, প্রতিবেশ সংকটাপন্ন এলাকার মাটি খুঁড়ে ব্যাপকহারে প্রাকৃতিকভাবে সৃষ্ট পাথর আহরণ করায় পুরো দ্বীপ হুমকির মুখে পড়েছে। আবাদি জমি থেকে পাথর খুঁড়ে নেওয়ায় দ্বীপের স্থায়িত্ব কমে যাওয়ার পাশাপাশি ঝুঁকিও বাড়ছে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। সেন্ট মার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমদ খান জানান, ‘কিছু অসাধু ব্যক্তি আবাদি জমি থেকে পাথর উত্তোলন করছে বলে খবর পাচ্ছি। পাথর উত্তোলন বন্ধের ব্যাপারে লোকজনকে সতর্ক করা হচ্ছে।’টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন জানান, সেন্ট মার্টিন থেকে পাথর তোলা, বিক্রি ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে।