পঞ্চগড়ে প্রায় দেড় হাজার বছর আগের প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কৃত হয়েছে। এটি বৌদ্ধ নেতাদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ (স্তূপ) ও মন্দির। পঞ্চগড় শহর থেকে ১৬ কিলোমিটার দক্ষিণে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ভিতরগড় এলাকায় এর অবস্থান। ওই এলাকা অনেক দিন ধরে প্রত্নতাত্ত্বিকদের কাছে এমন নিদর্শন পাওয়ার সম্ভাব্য স্থান বলে পরিচিত।‘এক্সপেরিয়েন্সিং দ্য পাস্ট’ শীর্ষক কোর্সের অধীনে পাঠরত ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের শিক্ষার্থীদের সহযোগিতায় শ্রমিকেরা মাটি খনন করে ওই স্তূপ ও মন্দিরের অংশবিশেষ উদ্ধার করেন। এতে নেতৃত্ব দিচ্ছেন ওই বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক প্রত্নতত্ত্ববিদ শাহনাজ হোসনে জাহান। আগামী মার্চের মধ্যে স্তূপ ও মন্দিরের পুরো কাঠামো বের করা সম্ভব হবে বলে তাঁরা আশা করছেন।ভিতরগড়ে মন্দির ও স্তূপ আবিষ্কৃত হওয়ার পর প্রতিদিন অসংখ্য মানুষ তা দেখতে সেখানে ভিড় জমাচ্ছে। খননকাজের সময় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রতিনিধি হিসেবে রংপুর তাজহাট জাদুঘরের কাস্টডিয়ান মো. জহুরুল হক উপস্থিত ছিলেন। ভিতরগড়ের রাজবাড়ির পাশে কাচারি বলে পরিচিত উঁচু ঢিবি খনন করে এই মন্দিরের অংশবিশেষ বের করা হয়। মো. জহুরুল হক বলেন, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের ৩৪ জন শিক্ষার্থী গত ১০ জানুয়ারি থেকে ভিতরগড়ে প্রত্নতাত্ত্বিক জরিপ ও খননকাজ পরিচালনা করে ওই স্তূপ ও মন্দির আবিষ্কার করেন। মন্দির ও স্তূপের বের হওয়া অবকাঠামো দেখে এটি সপ্তম শতকে নির্মিত বলে তিনি ধারণা করছেন।শাহনাজ জাহান বলেন, স্থাপনার ধরন দেখে মনে হচ্ছে, এটি ধর্মীয় কোনো উপাসনালয়। মঠ বা মন্দিরও হতে পারে। তিনি বলেন, এই অঞ্চলে প্রত্নতাত্ত্বিক দিক দিয়ে ভিতরগড়ের অপরিসীম গুরুত্ব থাকলেও সরকারিভাবে এই এলাকাকে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়নি। তিনি অবিলম্বে ভিতরগড়কে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা দিতে সরকারের প্রতি আহ্বান জানান। শাহনাজ জাহান বলেন, ষষ্ঠ বা সপ্তম শতকে স্থাপিত ভিতরগড় দুর্গনগরী ছিল সার্বভৌম প্রশাসন। গুরুত্বপূর্ণ প্রাচীন বাণিজ্যপথের ওপর তৈরি এই দুর্গের নগরীর সঙ্গে তিব্বত, ভুটান, চীন, নেপাল, ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, সিকিম ও পুণ্ড্রবর্ধনের বাণিজ্যিক যোগাযোগ ছিল। সড়ক ও নদীপথে ছিল এই যোগাযোগ। আসাম, কুচবিহার, ময়নামতি, পাহাড়পুর ও মহাস্থানগড়ে আবিষ্কৃত প্রত্নতত্ত্বের বিভিন্ন নমুনার সঙ্গে এখানে আবিষ্কৃত প্রত্নতত্ত্বের নমুনার কোনো মিল নেই। চারটি দেয়াল দিয়ে এই নগরীকে সুরক্ষিত করা হয়। এর মধ্যে বাইরের দুটি গড় বা দেয়াল মাটি দিয়ে তৈরি। সামনে পরিখা আছে। ভেতরের দুটি দেয়াল ইটের। শাহনাজ জাহান ভারতের পুনায় অবস্থিত ডেকান পোস্ট গ্রাজুয়েট অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট থেকে প্রত্নতত্ত্বে পিএইচডি করেছেন। তিনি জাপান, কোরিয়া, আমেরিকা, ভারত, নেপাল, ফিলিপাইন, শ্রীলঙ্কাসহ ১৮টি দেশে প্রত্নতত্ত্ব নিয়ে গবেষণা করেন।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান ভিতরগড় দুর্গনগরী সম্পর্কে প্রথম আলোকে বলেন, ভিতরগড় প্রত্নতাত্ত্বিক স্থানটি বাংলাদেশের সবচেয়ে বড় দুর্গনগরী হতে পারে। এমনকি এটি এই উপমহাদেশের মধ্যেও সবচেয়ে বড় বলে প্রমাণিত হতে পারে। এ অঞ্চলের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্নতাত্ত্বিক গবেষণার মাধ্যমে এখানকার প্রতিরক্ষা, বাণিজ্য ও অর্থনৈতিক ইতিহাসের নানা দিক উন্মোচিত হওয়া সম্ভব।২০০৯ সালের জানুয়ারি থেকে ভিতরগড়ে খননকাজ শুরু হয়। এরপর কয়েক দফা খননকাজ হয়। এতে ওই দুর্গনগরীতে স্তূপ, মন্দিরসহ ১২টি প্রত্নতাত্ত্বিক স্থান আবিষ্কৃত হয়। সর্বশেষ খননকাজ শুরু হয় এ বছরের ১০ জানুয়ারি। খননকাজের প্রাথমিক প্রতিবেদন উপস্থাপন উপলক্ষে গতকাল মঙ্গলবার স্থানীয় মহারাজা দীঘির সামনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে শাহনাজ জাহান ভিতরগড়ের প্রত্নতাত্ত্বিক পুরাকীর্তির গুরুত্ব ও সংরক্ষণবিষয়ক বিস্তারিত তথ্য তুলে ধরেন। মহামূল্যবান এসব প্রত্নসম্পদ রক্ষায় তিনি এলাকাবাসী ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন। সভায় অমরখানা ইউপি চেয়ারম্যান মো. মবিন চৌধুরী, শালমারা ভিতরগড় উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলামসহ এলাকার সহস্রাধিক নারী-পুরুষ ও স্কুলশিক্ষার্থী উপস্থিত ছিল।