মাটি খুঁড়ে ব্যবসায়ীর লাশ উদ্ধার, আটক ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের চর দরবেশ গ্রামের আন্নালাচা এলাকায় মাটি খুঁড়ে আরিফ হোসেন (২৮) নামের এক নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিখোঁজ হওয়ার পর গতকাল শুক্রবার ভোরে আরিফের লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তাঁর মাথায় ধারালো অস্ত্রের আঘাত, গলায় রশি প্যাঁচানো ও দুই চোখ উপড়ানো ছিল। এ ছাড়া লাশের দুই হাত পেছনে বাঁধা অবস্থায় পাওয়া যায়।
আরিফের বাড়ি একই উপজেলার নোয়াখালী ইউনিয়নের সোল্লাঘটিয়া গ্রামে। তিনি অন্য ভাইদের সঙ্গে স্থানীয় কালিতারা বাজারে জ্বালানি তেলের পারিবারিক ব্যবসা দেখাশোনা করতেন।
পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন নারীসহ পাঁচজনকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন চর দরবেশ গ্রামের মো. পিয়াস (২৩), তাঁর স্ত্রী নুর নাহার ওরফে মুক্তা (২০), বোন শাহানা আক্তার ওরফে প্রমা (১৮), নানি নুরজাহান (৬০) ও বন্ধু উত্তর ওয়াপদা গ্রামের মো. সুমন (২৩)।
সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিয়াস ও সুমন মুঠোফোনে ডেকে নিয়ে আরিফকে হত্যা ও লাশ মাটিচাপা দেওয়ার কথা স্বীকার করেছেন। আর পিয়াসের স্ত্রী, বোন ও নানি এ কাজে সহায়তা করেছেন।
আরিফের বড় ভাই আমির হোসেন বলেন, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে আরিফ খুচরা বিক্রেতাদের কাছ থেকে বকেয়া আদায়ের জন্য মোটরসাইকেল নিয়ে বের হন। কিন্তু দুপুর পর্যন্ত আরিফ না ফেরায় মুঠোফোনে যোগাযোগ করলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। পরে তাঁর কোনো খোঁজ না পেয়ে রাত সাড়ে নয়টার দিকে তাঁরা সুধারাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পাশাপাশি তাঁরা বিভিন্ন এলাকায় খোঁজ করতে থাকেন।
আমির হোসেন বলেন, রাত সাড়ে নয়টার দিকে পুলিশের একটি দল গণপিটুনিতে আহত পিয়াস ও সুমন নামের দুই ব্যক্তিকে পিকআপ ভ্যানে করে থানায় নিয়ে যাচ্ছিল। বৈশাখী মেলায় এক নারীকে উত্ত্যক্ত করার অভিযোগে তাঁদের গণপিটুনি দেওয়া হয়। এ সময় পিকআপ ভ্যানে থাকা একটি মোটরসাইকেল আরিফের বলে কালিতারা বাজারের লোকজনের সন্দেহ হয়। তাঁরা বিষয়টি পুলিশকে জানান। তিনি বলেন, খুচরা বিক্রেতার কাছ থেকে আদায় করা টাকা হাতিয়ে নেওয়ার জন্য আরিফকে হত্যা করা হয়েছে বলে তাঁরা ধারণা করছেন।
সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিন বলেন, আটক পিয়াস ও সুমনকে প্রথমে মোটরসাইকেলের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে তাঁরা মোটরসাইকেলটি নিজেদের বলে দাবি করলেও কাগজপত্র যাচাই করে তা মিথ্যা প্রমাণিত হয়। এরপর রাত আড়াইটার দিকে পিয়াস ও সুমনকে নিয়ে পিয়াসদের গ্রামের বাড়িতে অভিযান চালানো হয়। ওই সময় বাড়িতে তিন নারী ছাড়া কাউকে পাওয়া যায়নি। ঘরের ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখা যায়। ঘরের পেছনের দরজা খোলা ও বাইরে একটি কোদাল পড়ে থাকতে দেখা যায়। পরিদর্শক নিজাম উদ্দিন বলেন, এরপর আরেকটু সামনে এগোতেই ঘরের দক্ষিণ-পশ্চিম কোণে এলোমেলোভাবে পড়ে থাকা কচুগাছ ও নতুন মাটি দেখে সন্দেহ হয়। এরপর কোদাল দিয়ে মাটি খুঁড়ে লাশটি পাওয়া যায়।
পুলিশ জানায়, ময়নাতদন্ত শেষে আরিফের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
এদিকে স্থানীয় সূত্র জানায়, আরিফ হত্যার ঘটনায় ক্ষুব্ধ কালিতারা এলাকার শতাধিক ব্যক্তি ধারালো অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে পিয়াসদের বাড়িতে হামলা চালায়। একপর্যায়ে ক্ষুব্ধ লোকজন ওই বাড়িতে অগ্নিসংযোগ করেন। আগুনে বাড়ির একটি আধাপাকা ও দুটি টিনের ঘর সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলের দিকে যাওয়ার পথে বাধা পেয়ে ফিরে যান। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।