মাটি খুঁড়ে মিলল রকেট লঞ্চার গ্রেনেড গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলার কামালপুর গ্রাম থেকে গতকাল বুধবার পরিত্যক্ত অবস্থায় রকেট লঞ্চার, গ্রেনেড ও রাইফেলের বিপুলসংখ্যক গুলি উদ্ধার করেছে পুলিশ। বসতবাড়ি করার জন্য মাটি খোঁড়াখুঁড়ির সময় এগুলো বেরিয়ে আসে।
এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী পালিয়ে যাওয়ার সময় এসব অস্ত্র ফেলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, কামালপুর গ্রামের শামসু খাঁ নামের এক ব্যক্তি বসতবাড়ি করার জন্য গতকাল সকালে শ্রমিক লাগিয়ে মাটি খোঁড়া শুরু করেন। দেড় থেকে দুই ফুট গভীরতায় মাটি খোঁড়ার পরই শক্ত কোনো কিছুর ওপরে একজন শ্রমিকের কোদালের কোপ পড়ে। পরে দেখা যায়, সেটি পলিথিনের একটি ব্যাগ। তার ভেতরে ১টি রকেট লঞ্চার, ১টি গ্রেনেড ও রাইফেলের ২৭৯টি গুলি পাওয়া যায়। বিষয়টি জানাজানি হওয়ার পর এসব অস্ত্র দেখতে উৎসুক জনতা ভিড় জমায়।
স্থানীয় রামনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রাশেদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘খবর পেয়ে আমি পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে অস্ত্রগুলো উদ্ধার করেছি।’ তিনি বলছেন, কিছুদিন আগেও ওই এলাকায় জঙ্গল ছিল। এসব অস্ত্র মুক্তিযুদ্ধের সময়কারই হতে পারে। এগুলোর অবস্থা দেখে তা-ই মনে হয়। তবে কেউ কেউ বলছেন, সূতিঘাটা-কামালপুর এলাকাটি জামায়াত-শিবির অধ্যুষিত। ৫ জানুয়ারির নির্বাচনের আগে ওই অস্ত্রশস্ত্র ওখানে পুঁতে রাখা হতে পারে। আবার অস্ত্রগুলো পাওয়া গেছে মাটির মাত্র দুই ফুট গভীরে। একাত্তর সালের হলে সেগুলো আরও গভীরে থাকার কথা।