মাটি খুঁড়ে মোটরসাইকেল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ায় মাটির নিচে পুঁতে রাখা চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে লোকমান আলী নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে পুলিশ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বেলহালী পূর্বপাড়ায় অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে।

দুপচাঁচিয়া থানার পুলিশ জানায়, উপজেলার গুনাহার ইউনিয়নের নূরপুর গ্রামের ইব্রাহিম আলী ইমরান গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চৌমহনী বাজারে মোটরসাইকেলটি রেখে দোকানে কেনাকাটা করছিলেন। এক ফাঁকে মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। এর পর থেকে তিনি বিভিন্ন জায়গায় এর খোঁজাখুঁজি করেন। গোপনে জানতে পারেন, তাঁর মোটরসাইকেলটি বেলহালী পূর্বপাড়ার লোকমানের বাড়িতে আছে। বিষয়টি দুপচাঁচিয়া থানা পুলিশকে জানানো হলে পুলিশ গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মজিবর রহমানকে নিয়ে গতকাল রাতে লোকমানের বাড়িতে অভিযান চালায়। লোকমানের গোয়াল ঘরের মেঝে খুঁড়ে মাটির নিচ থেকে পলিথিনে মোড়ানো ওই মোটরসাইকেলটি উদ্ধার করে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে লোকমান আলীকে রাতেই গ্রেপ্তার করে পুলিশ। ইমরান বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় মামলা করেছেন।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার হওয়া লোকমানের কাছ থেকে মোটরসাইকেল চোর চক্রের কয়েকজনের নাম পাওয়া গেছে।