মাটি চাপায় প্রাণ গেল তিনজনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাঙা সেতুর ইট কুড়াতে গিয়ে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা এলাকায় মাটি চাপা পড়ে এক কলেজ ছাত্রীসহ তিনজন মারা গেছেন। ঘটনায় আহত হয়েছেন সাতজন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ সোমবার রাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার মনদুয়ার গ্রামের কাকলি আক্তার (২৩) এবং জয়েনপুর গ্রামের আব্দুস ছাত্তার (৬০) ও কুদ্দুস মিয়া (৩০)। কাকলি গাইবান্ধা সরকারি কলেজের ছাত্রী। এবার এ কলেজ থেকে তিনি স্নাতক সম্পন্ন করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সাদুল্যাপুর থানার পুলিশ জানায়, সম্প্রতি নতুন সেতু নির্মাণের জন্য উপজেলার মনদুয়ার জয়েনপুর এলাকায় একটি পুরোনো সেতু ভাঙার কাজ শুরু হয়। আজ সন্ধ্যার দিকে পুরোনো সেতুর ভাঙার কাজ শেষে শ্রমিকেরা বাড়ি ফিরে যান। রাত আটটার দিকে স্থানীয় লোকজন সেতুর নিচে পড়ে থাকা ইট সংগ্রহ করতে যায়। কিছু ইট সেতুর সংযুক্ত বিশাল আকারের মাটির সড়কের ভেতরেও ছিল। স্থানীয় লোকজন নিচের দিকে ওই সড়ক খুঁড়ে ইট বের করার চেষ্টা করছিলেন। খোঁড়াখুঁড়ির একপর্যায়ে সড়কের নিচের দিকে বিশাল আকারের গর্ত হয়ে যায়। তখন লোকজন ওই গর্তের ভেতরে ঢুকে ইট সংগ্রহের চেষ্টা করছিলেন। একপর্যায়ে মাটি ধসে ১০ জনকে চাপা দেয়। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে ওই তিনজন মারা যান। আহত সাতজন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস সাংবাদিকদের বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।