মাটি ছাড়াই চাষাবাদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো ধরনের মাটি ছাড়াই বালতির পানিতে চাষ করা হয়েছিল স্ট্রবেরি। ফলটির বীজ থেকেই জন্ম নেয় চারা, তারপর ফল। একইভাবে শসা, টমেটো, মিষ্টি মরিচ ও গাঁদা ফুল চাষ করা হয়েছিল। এখন প্রতিটি গাছই ফুলে-ফলে পরিপূর্ণ।
দেশের কৃষি খাতের উন্নয়নের লক্ষ্যে মাটি ছাড়া শাকসবজি উৎপাদনে এ পদ্ধতি ব্যবহার করেছে হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী শ্রাবন্তী সাহা, কানযুদ সাইয়ারা ও শ্রেয়া সাহা।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর রেসিডেনসিয়াল মডেল কলেজ মাঠে ‘অষ্টম ডিআরএমসি-স্কয়ার জাতীয় বিজ্ঞান উৎসব’ উপলক্ষে এই খুদে শিক্ষার্থীরা প্রকল্প প্রদর্শনীতে তাদের প্রচেষ্টা তুলে ধরেছে। গতকাল থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে কলেজটির বিজ্ঞান ক্লাব। এতে সারা দেশ থেকে প্রায় ১০০টি স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের প্রদর্শনী নিয়ে অংশ নিয়েছে। এ ছাড়া মেলায় রয়েছে দেয়াল পত্রিকা ও আলোকচিত্র প্রদর্শনী, অলিম্পিয়াডস, বিজ্ঞান কল্পকাহিনি লেখা, কুইজ, বিজ্ঞানভিত্তিক উপস্থিত বক্তৃতা, রোবটিস ওয়ার্কশপসহ বিভিন্ন পর্ব।
শ্রাবন্তী সাহা প্রথম আলোকে বলে, গ্রামের ভূমিহীন কৃষক ও শহরবাসীর জন্য এ পদ্ধতি সবচেয়ে বেশি উপযোগী। এ পদ্ধতিতে ৩৬টি বীজ চাষাবাদে খরচ হবে মাত্র এক হাজার টাকা। আয় হবে প্রায় ১০ হাজার টাকা।
শ্রাবন্তী সাহা জানায়, এ পদ্ধতি ব্যবহার করতে হলে প্রথমে একটি মাঝারি আকারের বালতি বা ট্রে লাগবে। বালতির অর্ধেক পানির সঙ্গে পরিমাণমতো পটাশিয়াম হাইড্রোজেন ফসফেট, পটাশিয়াম ও ক্যালসিয়াম নাইট্রেট, ম্যাগনেসিয়ামসহ বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান ব্যবহার করতে হবে। পরে একটি কর্কশিটের মাঝে ছিদ্র করে বীজ বসানোর ব্যবস্থা করতে হবে। কিছুদিন পরই চারা গাছ জন্মাবে। এ ছাড়া এসব উপাদান ব্যবহার করলে গাছে কীটনাশকের দরকার হবে না। তবে আলো-বাতাস প্রবেশের জন্য কর্কশিটের চারদিকে কয়েকটি ছোট ছিদ্র করে দিতে হবে।
প্রদর্শনী শুরুর আগে গতকাল সকাল সাড়ে নয়টার দিকে কলেজের মাঠে এই উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ। অনুষ্ঠানে তিনি বলেন, আজকের এই খুদে বিজ্ঞানীরাই নতুন নতুন অাবিষ্কারের মাধ্যমে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাবে। তাই তাদের এই পরিকল্পনার বাস্তবায়ন করতে সবাইকে সহযোগিতা করতে হবে।
অনুষ্ঠানে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান সুবহানীর সভাপতিত্বে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কর্নেল মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।