মাটি ছুঁয়ে মেয়েকে অনুভব করতে চান জরিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতি মাসের ২৪ তারিখ রানা প্লাজার ধসে যাওয়া জায়গার মাটিতে হাত রেখে মেয়েকে খোঁজেন জামালপুরের জরিনা বেগম। আজও এর ব্যতিক্রম হয়নি। ছবি: মনিরুল আলম
প্রতি মাসের ২৪ তারিখ রানা প্লাজার ধসে যাওয়া জায়গার মাটিতে হাত রেখে মেয়েকে খোঁজেন জামালপুরের জরিনা বেগম। আজও এর ব্যতিক্রম হয়নি। ছবি: মনিরুল আলম

রানা প্লাজা ধসের এক বছর পার হয়েছে কি না, জানেন না জামালপুরের জরিনা বেগম। তিনি শুধু জানেন ২৪ তারিখ একটি ভয়ংকর দিন। এই দিনে একসঙ্গে মেয়ে হেলেনা ও ছেলের বউকে হারান জরিনা।

ছেলের বউয়ের লাশ পেলেও মেয়েকে আর পাননি। তাই প্রতি মাসের ২৪ তারিখ মেয়েকে দেখতে আসেন জরিনা। রানা প্লাজার ধসে যাওয়া স্থানে খুঁজতে আসেন মেয়েকে। ধ্বংসস্তূপের মাটিতে হাত রেখে মা পেতে চান মেয়ের স্পর্শ।

জরিনা বেগম আজও এসেছেন। এসে দেখেন, তাঁর মতো আরও অনেকেই এসেছেন। জেনেছেন, ভয়ংকর ওই ঘটনার প্রথম বর্ষপূর্তি আজ। তাই এত মানুষ, এত ক্যামেরা, এত সাংবাদিক।

সাভারের রানা প্লাজা ধসের জায়গায় কাঁটাতারের বেড়া। এটা পার হয়ে ভেতরে গিয়ে হারানো স্বজনদের স্মরণে কেউ আগরবাতি জ্বেলেছেন। কেউ ছিটিয়ে দিচ্ছেন গোলাপজল। স্বজনের আত্মার শান্তি কামনা করছেন তাঁরা। দুই হাত তুলে মোনাজাত করছেন। এ জায়গাটি এখন স্বজনদের কাছে হয়ে উঠেছে এক সমাধিস্থল।

নিহত স্ত্রী খালেদার ছবি নিয়ে এসেছেন বরিশালের জসিমউদ্দিন। এক বছর আগে এভাবেই ছবি নিয়ে স্ত্রীকে খুঁজেছিলেন তিনি। লাশও মিলেছিল। বরিশালে দাফন করেছিলেন তাঁকে। সরকারের কাছ থেকে সহযোগিতাও পেয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য তাঁরই এক আত্মীয় সেই অর্থ আত্মসাত্ করেছেন। আট বছরের ছেলে রাফিউ ইসলাম ও আড়াই বছরের ছেলে নাফিউ ইসলামের ভবিষ্যত্ নিয়ে অনেকটাই শঙ্কিত জসিমউদ্দিন। কাঁদতে কাঁদতে বলেন, ‘আমি প্রতারণার শিকার!’

রানা প্লাজার আহত শ্রমিক সজীব এসেছেন হুইলচেয়ারে। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার পাওয়ার পরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা হয় সজীবের। প্রধানমন্ত্র্রীর দপ্তর থেকে তিনি একটি হুইলচেয়ার পেয়েছেন। এখন সেটাই ভরসা। আর্থিক সহায়তা এখনো পাননি। ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে নীরবে চোখের জল ফেলছিলেন সজীব।