মাটি নিতে নদীর বুকে রাস্তা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঘাটাখালী নদীতে মাটির রাস্তা তৈরি করা হয়েছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঘাটাখালী নদীতে মাটির রাস্তা তৈরি করা হয়েছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

গাজীপুরের কালিয়াকৈরে ঘাটাখালী নদীতে ইট ও মাটি ফেলে আড়াআড়ি রাস্তা তৈরি করা হয়েছে। ফসলি জমির মাটি কেটে নেওয়ার জন্য এ রাস্তা তৈরি করতে গিয়ে বেশ কিছু সরষেখেত নষ্ট করা হয়েছে।
এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার দরবাড়িয়া ভেড়কাটা এলাকা দিয়ে বয়ে গেছে ঘাটাখালী নদী। স্থানীয় হাবিবুর রহমানের নেতৃত্বে কয়েকজন মাটি ব্যবসায়ী ইট ও মাটি ফেলে নদীতে আড়াআড়ি রাস্তা নির্মাণ করেছেন। এতে নদীর প্রবাহ প্রায় বন্ধ হয়ে গেছে। নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে না পেরে দুর্ভোগে পড়েছেন মৎস্যজীবীরা। এদিকে নদী ছাড়াও কিছু সরষেখেতের ওপর দিয়ে রাস্তা নিয়ে যাওয়া হয়েছে। এতে স্থানীয় আলী হোসেন, শুকুর আলী খানসহ অনেকের খেত নষ্ট হয়েছে। এ রাস্তা দিয়ে পাশের আশুলিয়া থানার গাজীখালী এলাকার কয়েকজন কৃষকের ফসলি জমি থেকে মাটি কেটে নেওয়া হবে। এসব মাটি বিভিন্ন ইটভাটায় বিক্রি করা হবে। জমি থেকে মাটি নেওয়া শেষ হলে নদীর তীরের মাটি লুটপাট করা হবে বলে ভুক্তভোগী কৃষকেরা অভিযোগ করেছেন।
কয়েকজন কৃষক বলেন, জমির মালিকেরা রাস্তা নির্মাণে বাধা দিয়েছিলেন। কিন্তু বাধা উপেক্ষা করে খননযন্ত্র ব্যবহার করে রাস্তার কাজ সম্পূর্ণ করা হয়েছে। এ ঘটনায় জমির মালিক আলী হোসেনের পক্ষে আফাজ উদ্দিন নামের একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর এবং স্থানীয় ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের পক্ষে আবদুল্লাহ আল মামুন কালিয়াকৈর থানায় অভিযোগ দিয়েছেন।
কৃষক শুকুর আলী খান বলেন, তাঁর ২০০ শতাংশ জমির মধ্যে ৮০ শতাংশে সরষে রোপণ করেছেন। কিন্তু রাতের আঁধারে খননযন্ত্র দিয়ে সরষে নষ্ট করে রাস্তা বানানো হয়েছে। এতে বাধা দিলেও কোনো কাজ হয়নি।
স্থানীয় জেলে সচীন্দ্র রাজবংশী, খগেন্দ্র রাজবংশী, পানবল্লব রাজবংশী, প্রেমানন্দ রাজবংশী, রবীন্দ্র রাজবংশীসহ ১০-১২ জন জেলেও রাস্তা তৈরির বিরোধিতা করেছিলেন। তাঁরা বলেন, নদীতে মাছ ধরে তাঁদের ৬০টি পরিবার জীবিকা নির্বাহ করে আসছে। কিন্তু আড়াআড়িভাবে রাস্তা বানানোয় নৌকা নিয়ে নদীর অন্য পাশে যাওয়া যায় না। এতে জেলে-পরিবারগুলো চরম অসুবিধায় আছে। হুমকির মুখে পড়েছে জেলেদের জীবন-জীবিকা।
অভিযুক্ত মাটি ব্যবসায়ী হাবিবুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ধরেননি।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মুক্তি মাহমুদ বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার বাদী ও বিবাদী পক্ষের বসার কথা ছিল। কিন্তু এখনো বসা হয়নি।
ইউএনও মো. সানোয়ার হোসেন বলেন, ‘এ ঘটনায় অভিযোগ পেয়েছি। মাটি ব্যবসায়ীদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।’