মাটি পেল নদীতে ভেসে থাকা লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে ফেনী নদীতে তিন দিন ধরে ভেসে থাকা অজ্ঞাতপরিচয় লাশটি শেষ পর্যন্ত মাটি পেয়েছে। বুধবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের চরখোন্দকার জেলাপাড়া এলাকায় নদীতীর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। গত বৃহস্পতিবার দুপুরে সোনাগাজী পৌর কবরস্থানে লাশটি দাফন করা হয়।
গত সোমবার সকালে চর খোন্দকার গ্রামের জেলেপাড়া এলাকায় ফেনী নদীর তীরে লাশ ভেসে থাকতে দেখে গ্রামবাসী পুলিশকে খবর দেয়। কিন্তু দুই গ্রাম পুলিশ সদস্য সেদিন বিকেলে লাশটি আবার জোয়ারে ভাসিয়ে দেন।
এ নিয়ে গত মঙ্গলবার প্রথম আলোয় ‘মাটি পেল না নদীতে ভেসে আসা লাশ!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করা হয়। পরে ফেনীর পুলিশ সুপার (এসপি) মো. রেজাউল হক সোনাগাজী থানা-পুলিশকে লাশটি উদ্ধারের নির্দেশ দেন। গত বুধবার বিকেলে জেলাপাড়ার উত্তর পাশে নদীর তীর থেকে লাশটি খুঁজে পায় পুলিশ। গত বৃহস্পতিবার সকালে ফেনী সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে লাশ সোনাগাজী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ময়নাতদন্তকারী চিকিৎসক ও ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অসীম কুমার সাহা বলেন, মৃতদেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এ ঘটনায় মামলা করা হবে।