মাটি পেল না নদীতে ভেসে আসা লাশ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ ভাসছিল ফেনী নদীতে। স্রোত ও বাতাসের ধাক্কায় লাশটি গতকাল সোমবার সকালে ফেনীর সোনাগাজী সদর ইউনিয়নের চরখোন্দকার গ্রামে নদীর তীরে আটকা পড়ে। দিনভর লাশটি সেখানে পড়ে ছিল। বিকেলে স্থানীয় গ্রাম পুলিশ লাশটি ঠেলে আবার নদীতে ভাসিয়ে দেয়। ভেসে আসা লাশটির আর ঠাঁই হয়নি মাটিতে।
চরখোন্দকার গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল সকালে তাঁরা জেলেপাড়ার ফেনী নদীর তীরে লাশ পড়ে থাকতে দেখেন। গ্রাম পুলিশের মাধ্যমে সোনাগাজী থানায় এ খবর জানানো হয়। কিন্তু পুলিশ আর আসেনি। গ্রামের লোকজনও উদ্যোগী হয়ে লাশ সমাহিত করেনি পুলিশি ঝামেলার ভয়ে। পরে বিকেলে দুজন গ্রাম পুলিশ লাশটি ঠেলে আবার নদীর জোয়ারে ভাসিয়ে দেন। এ ঘটনায় গ্রামবাসীর মধ্যে অসন্তোষ থাকলেও ভয়ে কেউ মুখ খুলতে রাজি হননি।