মাটি ফুঁড়ে আসা মৃত্যু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধলপুরের গোলাপবাগে একটি স্যুয়ারেজ লাইনের বিস্ফোরণে দুজন নিহত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। গুরুতর দগ্ধ একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আজ সোমবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহমুদ হাসান আগুনে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশের ডেমরা অঞ্চলের সহকারী কমিশনার ইফতেখারুল ইসলাম প্রথম আলোকে বলেন, স্থানীয় লোকজন স্বাভাবিকভাবে ওই পথে চলাচল করছিলেন। হঠাৎই ম্যানহোলের ঢাকনাসহ কংক্রিটের তিন বাই চার ফুটের স্ল্যাবটি বিস্ফোরিত হয়ে ছয়-সাতফুট ওপরে উঠে যায়। স্যুয়ারেজের ওই গর্তের আশপাশ কিছু অংশও ভেঙে পড়েছে। এ সময় পাশের একটি দোকান ও একটি বাড়িতেও আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস এসে তা নেভায়। সবাই ধারণা করছে স্যুয়ারেজের বক্সে জমে থাকা গ্যাস বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে।

আমাদের ঢাকা মেডিকেল প্রতিনিধি জানিয়েছেন, নিহত ব্যক্তিদের একজনের নাম সজল। তাঁর আগুনে পোড়া মৃতদেহ হাসপাতাল মর্গে নিয়ে এসেছে পুলিশ। এ ঘটনায় দগ্ধ আবুল হাশেম নামে আরেকজনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। হাশেমকে হাসপাতালে আনা স্থানীয় বাসিন্দা জুলহাস বলেন, হাশেম একটি ভাঙারি দোকানের কর্মচারী। তিনি দোকানের সামনেই দাঁড়িয়েছিলেন। হঠাৎই বিস্ফোরণের পরে আগুন ধরে যায়।