মাটি ফেলা নিয়ে মতবিরোধ নৌবন্দর খননে অনিশ্চয়তা
বরিশাল নৌবন্দর খননে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) খনন বিভাগ কীর্তনখোলার পানির স্রোতে মাটি ফেলতে চাইলে আপত্তি জানান লঞ্চ মালিক সমিতি ও নৌবন্দরের কর্মকর্তা। এতে দুই পক্ষের মতপার্থক্যের কারণে খননকাজ এখন বন্ধ রয়েছে।বন্দর সূত্র জানায়, বরিশাল-ঢাকা নৌপথে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চগুলোর জন্য বন্দর এলাকায় নদীতে কমপক্ষে আট ফুট গভীরতা থাকা প্রয়োজন। কিন্তু ভাটার সময় বন্দরের পন্টুন এলাকায় পানির গভীরতা পাঁচ ফুটে নেমে যায়। এ কারণে গত আগস্টের শেষের দিক থেকে লঞ্চগুলোকে জোয়ারের ওপর নির্ভর করে ঘাট ছেড়ে যেতে হয়েছে। এ অবস্থায় গত ২৮ আগস্ট বিআইডব্লিউটিএর হাইড্রোগ্রাফি বিভাগ বন্দরসংলগ্ন কীর্তনখোলা নদীতে জরিপ পরিচালনা করে বন্দর এলাকায় দেড় লাখ ঘনফুট মাটি খনন করার সিদ্ধান্ত নেয়।সিদ্ধান্ত অনুযায়ী বন্দর এলাকায় খনন যন্ত্রও আনা হয়। খনন করা মাটি নদীর পানিতে, না তীরের কোনো স্থানে ফেলা হবে তা নিয়ে বৈঠক করেও কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। এ কারণে খননকাজ শুরু করা যাচ্ছে না। বিআইডব্লিউটিএর খনন বিভাগের বরিশাল কার্যালয়ের সহকারী প্রকৌশলী নজিবুল হক খান জানান, ‘খনন করা মাটি ফেলার স্থান নির্ধারণ চূড়ান্ত করতে ২ সেপ্টেম্বর বরিশাল বন্দর কর্মকর্তাকে আহ্বায়ক করে ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। তারা খনন করার মাটি ফেলার স্থান নির্বাচন করতে দেরি করায় খননকাজ শুরু করতে বিলম্ব হয়। আপাতত কীর্তনখোলার ভাঙনকবলিত এলাকায় মাটি ফেলে কাজ শুরু করা হবে। খনন করা মাটি ফেলার স্থান নির্ধারণ কমিটি জানায়, মাটি ফেলার জন্য চারটি সম্ভাব্য স্থান নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো বন্দরসংলগ্ন মেরিন ওয়ার্কসপ মাঠ, ধান গবেষণা ইনস্টিটিউট এলাকা, বন্দরের অপর প্রান্ত চরকাউয়া ভাঙন এলাকা এবং সর্বশেষ নদীর মূল স্রোত। কমিটির নেওয়া সিদ্ধান্তের প্রতিবেদন ঢাকায় পাঠানো হয়েছে। সেখান থেকে সিদ্ধান্ত আসার পর খননকাজ করতে হবে।কমিটির আহ্বায়ক ও বরিশাল বন্দর কর্মকর্তা আলমগীর কবির বলেন, লঞ্চ মালিক সমিতি ও স্থানীয় বাসিন্দারা চাচ্ছেন না খনন করা পলি আবার নদীতে ফেলা হোক। কিন্তু খনন বিভাগ সহজে নদীর মূল স্রোতে মাটি ফেলতে চাচ্ছে। এ নিয়ে জটিলতার সৃষ্টি হওয়ায় খননকাজ শুরু হতে বিলম্ব হচ্ছে। আশা করি খুব শিগিগরই খননকাজ শুরু হবে।’লঞ্চ মালিক সমিতির কেন্দ্রীয় সদস্য এবং বরিশাল শিল্প ও বণিক সমিতির সভাপতি সাঈদুর রহমান বলেন, গত কয়েক বছর খনন করা মাটি আবার নদীর স্রোতে ফেলা হয়েছিল। এ কারণে ওই মাটি পুনরায় তলদেশে জমে থেকে নাব্যতা সংকট সৃষ্টি করছে। তাই অর্থ ব্যয় করে প্রতিবছর খনন হলেও সুফল পাওয়া যাচ্ছে না।