মাটি ফেলে রামচন্দ্রপুর খাল দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্মাণাধীন একটি ভবনের ভূগর্ভস্থ থেকে তোলা মাটি ফেলে মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খালের একাংশ ভরাটের অভিযোগ উঠেছে। তবে বাড়ির মালিক বলছেন, খাল দখলের কোনো ঘটনা ঘটেনি, খালের পাশের সড়কে কিছু নির্মাণসামগ্রী রাখা হয়েছে।
গতকাল বুধবার দেখা যায়, মোহাম্মদপুর হাউজিং সোসাইটি এলাকায় রামচন্দ্রপুর খালের এক পাশ দিয়ে নির্মাণসামগ্রী ও মাটি রাখা হয়েছে। এসব মাটি ও নির্মাণসামগ্রী খালসংলগ্ন একটি নির্মাণাধীন বাড়ির। খালের পাশে রাখা মাটি খালের অনেকটা ভেতরে চলে গেছে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, সপ্তাহ খানেক আগে খালের পাশে নির্মাণাধীন বাড়ির শ্রমিকেরা মাটি তুলে খালের পাশে রাখতে শুরু করেন। গতকাল সকালে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এসে এগুলো সরাতে বললে হট্টগোল শুরু হয়। বাড়ির মালিক তাঁর নিজস্ব লোকজন নিয়ে এলে কাউন্সিলরের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব বলেন, ‘খালে মাটি ফেলে ভরাট করা হচ্ছে বলে সকালে জানতে পারি। বাড়ির মালিককে গিয়ে খালে মাটি না ফেলতে এবং খালের পাশে নির্মাণসামগ্রী রাখতে নিষেধ করি। কিন্তু তিনি কিছুতেই রাজি হননি। উল্টো নিজস্ব লোকজন নিয়ে আসেন।’
তবে বাড়ির মালিকের স্ত্রী হোসনে আরা বলেন, বাড়ি তৈরির কিছু মালামাল সড়কে রাখা হয়েছিল। রাতে ট্রাক এসে নিয়ে যাবে, তাই খুঁড়ে তোলা মাটি জমা করা হয়েছিল। সকালে কাউন্সিলর তাঁর লোকজন নিয়ে হাজির হন। কোনো কথা না শুনেই বলতে থাকেন, খাল দখল করা হয়েছে। তাঁরা বলামাত্রই খালের পাশ থেকে নির্মাণসামগ্রী, মাটি সরিয়ে নেওয়া হচ্ছে।’