মাটি-বালু বিক্রি আবাদি জমি হুমকিতে
জমি বিক্রি নয়, শুধু মাটি বিক্রি করা হয়েছে। এই মাটি কাটায় বড় বড় গর্ত হচ্ছে। ফলে আশপাশের অনেক আবাদি জমি ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। রংপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর ইউনিয়নের রাধাকৃষ্ণপুর এলাকার ধোরারপাড় গ্রামে এমনই দৃশ্য দেখা যায়।সরেজমিনে জানা যায়, ওই গ্রামের আবদুল কাদের, আবুল কালাম, কোহিনুর মিয়া, আবদুল কুদ্দুসসহ আরও কয়েকজনের প্রায় দুই একর আবাদি জমি থেকে মাটি কেটে অন্যত্র বিক্রি করা হয়েছে। মাটি কাটার পর এখন ওই স্থান থেকে শ্যালো মেশিন বসিয়ে বালু তোলা হচ্ছে। এতে আশপাশের অন্য জমিগুলো হুমকির মুখে পড়েছে। জমির পাশ ঘেঁষে বয়ে যাওয়া ঘাঘট নদের একটি শাখাও হুমকির মুখে পড়েছে।রাধাকৃষ্ণপুর গ্রামের কৃষক আবদুস সামাদ (৫৫) বলেন, মাটি কেটে অনেক গভীর করে বালু তোলা হচ্ছে। বৃষ্টি হলেই জমি হুমকির মুখে পড়বে। মাটি বিক্রি করেছেন আবদুল কাদের। তিনি বলেন, ‘এই জমিগুলোর আবাদ তেমন একটা ভালো হয় না বলে মাটি বিক্রি করা হয়েছে। এখানে পুকুর খনন করে মাছের চাষাবাদ করব।’রাজেন্দ্রপুর ইউনিয়নের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, নিজের জমি থেকেই তাঁরা মাটি বিক্রি করছেন। আশপাশের জমি নষ্ট হলে বিষয়টি দেখা হবে।