মাটি বিক্রি, ঝুঁকিতে বাঁধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আত্রাই নদের বাঁধের পাশ থেকে কেটে নেওয়া হচ্ছে মাটি। ছবিটি সম্প্রতি উপজেলার সালতাপুর এলাকা থেকে তোলা l প্রথম আলো
আত্রাই নদের বাঁধের পাশ থেকে কেটে নেওয়া হচ্ছে মাটি। ছবিটি সম্প্রতি উপজেলার সালতাপুর এলাকা থেকে তোলা l প্রথম আলো

নওগাঁর মহাদেবপুরের খাজুর ইউনিয়নের সালতাপুর এলাকায় আত্রাই নদের বন্যানিয়ন্ত্রণ বাঁধের পাশের জমির মাটি কেটে অবাধে চলছে মাটি বিক্রির ব্যবসা। এভাবে অবাধে মাটি কেটে নেওয়ায় নদতীরবর্তী এলাকার বাসিন্দারা বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন। স্থানীয় একটি প্রভাবশালী চক্র এভাবে মাটি কেটে বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে।
এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় যে চক্রটি বাঁধের পাশ থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে, সেই চক্রটির নেতৃত্ব দিচ্ছেন আল আমিন ও রাজ্জাক ঠিকাদার। চক্রটি প্রশাসনের কাছ থেকে অনুমতি না নিয়ে জমির মালিকের কাছ থেকে প্রতি বিঘার মাটি ২০ থেকে ২৫ হাজার টাকায় কিনে কেটে নিয়ে বিভিন্ন ইটভাটায় বিক্রি করছে।
সরেজমিনে ১৮ ফেব্রুয়ারি ওই বাঁধ এলাকায় দেখা যায়, সালতাপুরের আত্রাই নদের পশ্চিম তীরে মহাদেবপুর-ছাতড়া বাঁধের রাস্তার পাশ থেকে সাত-আটজন শ্রমিক মাটি কেটে ট্রাক্টরে তুলছেন।
সেখানে কথা হয় মাটি কাটা শ্রমিক আতাবর, ময়নুল ও রাজুর সঙ্গে। তাঁরা বলেন, গত অগ্রহায়ণ মাস থেকে এই বাঁধ এলাকায় মাটি কাটার কাজ করছেন তাঁরা। খাজুর ইউনিয়নের সাহাজাদপুর গ্রামের আল আমিন, এরশাদ ও রাজ্জাক মিলে মাটি বিক্রির এই ব্যবসা করছেন। প্রতি ট্রাক মাটি ৫০০ থেকে ৬০০ টাকায় বিভিন্ন ইটভাটায় বিক্রি করা হয়। এ ছাড়া রাস্তা ও নির্মাণাধীন বাড়ির প্রয়োজনেও অনেকে এই মাটি কিনে নেন।
স্থানীয় বাসিন্দা বাচ্চু মজুমদার ও মতিউর রহমান বলেন, এভাবে নদের বাঁধ থেকে দেদার মাটি কেটে নিলে নদের গতিপথ বদলে সামনের বর্ষায় নদের বাঁধ হিসেবে ব্যবহৃত রাস্তাটি ভেঙে যেতে পারে। আর বাঁধটি ভেঙে গেলে এলাকার কৃষিজমি ও রাস্তাঘাট নদে বিলীন হবে।
দেখা যায়, যেখান থেকে বর্তমানে মাটি কাটা হচ্ছে, তার প্রায় ১৫০ গজ দূরেই সাহাজাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টির প্রধান শিক্ষক ভূপেন চন্দ্র মণ্ডল বলেন, ‘নদের বাঁধ থেকে মাটি কাটা বন্ধ হোক, এটা আমরাও চাই। যেভাবে মাটি কাটা হয়েছে, সামনের বর্ষায় নদ ভরে গেলে স্কুলের মাঠ ও ভবন ঝুঁকির মুখে পড়বে। এ ছাড়া বাঁধের রাস্তাটিও ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে।’
এ ব্যাপারে ঠিকাদার আল আমিন মুঠোফোনে বলেন, মহাদেবপুরের অলখ ঘোষ ও মানিক চান নামের দুই ব্যক্তির কাছ থেকে সাত বিঘা জমির মাটি ৩ লাখ ৬০ হাজার টাকায় তিনি ও রাজ্জাক ঠিকাদার মিলে কিনে নিয়েছেন। এই মাটি তাঁরা ইটভাটার মালিকদের কাছে বিক্রি করেন। চার-পাঁচ বছর ধরেই তিনি মাটি বিক্রির ব্যবসার সঙ্গে জড়িত বলে জানান।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, জমির মালিক তাঁদের কাছে মাটি বিক্রি করেন। আর তাঁরা সেই জমি থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করেন। এর জন্য প্রশাসনের অনুমতি নিতে হবে কেন বলে জানতে চান তিনি নিজেই।
মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম তাজকির উজ-জামান বলেন, বাঁধসংলগ্ন এলাকা থেকে মাটি কেটে নেওয়ার বিষয়ে কেউ অভিযোগ করেনি। বিষয়টি তদন্ত করে দেখা হবে। অভিযোগের সত্যতা পেলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাটি কাটার ফলে বাঁধ ঝুঁকিতে পড়লে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।