মাটি ভরাট দেখাতে স্কুলের মাঠ চষলেন আ.লীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলের মাঠে মাটি ভরাটের কথা। এ জন্য কাবিটার (কাজের বিনিময়ে টাকা) আওতায় তিন লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পের সভাপতি ওই টাকায় মাঠটি কলের লাঙল (ট্রাক্টর) দিয়ে চষে দিয়েছেন। এতে ওই মাঠ এক মাস ধরে শিশুদের খেলার অনুপযোগী হয়ে পড়েছে। গ্রামবাসীর অভিযোগ, মাঠে মাটি দেওয়া হয়েছে, এমনটি বোঝাতে মাঠ ট্রাক্টর দিয়ে চষে দেওয়া হয়েছে। ঘটনাটি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দামোদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।অভিযুক্ত প্রকল্প সভাপতি মনোয়ার হোসেন কালীগঞ্জের পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং স্থানীয় মনোহরপুর কোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাঁর দাবি, নিচের মাটির সঙ্গে ওপরের মাটি মেশাতে ট্রাক্টর দিয়ে মাঠ চাষ করা হয়েছে।উপজেলা প্রকল্প কর্মকর্তা শরিফ মো. রুবেল জানান, কাজ না করে ট্রাক্টর দিয়ে চাষ করার কারণে প্রকল্পের সভাপতির সর্বশেষ জমা দেওয়া বিল তিনি আটকে দিয়েছেন। ইতিমধ্যে দুই কিস্তিতে দেড় লাখ টাকা উত্তোলন করা হয়েছে।দামোদরপুর গ্রামের একাধিক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, চলতি মাসের শুরুর দিকে তাঁরা দেখতে পান, স্কুলের খেলার মাঠ ট্রাক্টর দিয়ে চাষ করা হচ্ছে। সেই সঙ্গে স্কুলের বারান্দার সামনের পাঁচ-ছয় ফুট জায়গায় কিছু মাটি ফেলা হয়েছে। প্রকৃতপক্ষে ভালো খেলার মাঠে মাটি ভরাটের কাজ দেখিয়ে কাবিটার টাকা আত্মসাৎ করার চক্রান্ত করা হয়েছে। প্রায় এক মাস খেলার মাঠটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে আছে। এমনকি হাঁটাচলাও করা কষ্টকর হয়ে পড়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, স্কুলের মাঠে মাটি ভরাটের জন্য কাবিটা প্রকল্পের তিন লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। সভাপতি, সাধারণ সম্পাদকসহ পাঁচ সদস্যবিশিষ্ট প্রকল্প কমিটি গঠন করা হয়। স্কুলের প্রধান শিক্ষককে প্রকল্প কমিটিতে রাখা বাধ্যতামূলক; কিন্তু তা করা হয়নি। কাজ চলমান দেখিয়ে দুই কিস্তিতে দেড় লাখ টাকা উত্তোলন করা হয়েছে। কাজ শেষ হয়েছে মর্মে কাগজপত্র জমা দিয়ে শেষ দুই কিস্তির টাকা চেয়ে আবেদন করেছেন প্রকল্পের সভাপতি। কিন্তু কাজ না করায় তাঁর ওই বিল আটকে আছে।স্কুলটির প্রধান শিক্ষক আনোয়ারুল হক জানান, কত টাকা বরাদ্দ হয়েছে, কোন কাজের জন্য হয়েছে, তিনি কিছুই জানেন না। মাঠ চাষ করার আগে ও পরে তাঁকে কেউ কিছু বলেনি। তবে স্কুলের বারান্দার সামনে মাটি দেওয়া এবং মাঠে চাষের পর মই না দেওয়ায় সবারই অসুবিধা হচ্ছে। স্কুল পরিচালনা কমিটির সভাপতি মনোয়ার হোসেনের বাবা বেলায়েত হোসেনও প্রকল্পে কত টাকা বরাদ্দ আছে, তা বলতে পারেননি।আওয়ামী লীগের অভিযুক্ত নেতা মনোয়ার হোসেন জানান, কিছু মাটি দিয়েছেন, আরও দেবেন। ট্রাক্টর দিয়ে চাষ না করলে নিচের মাটির সঙ্গে ওপরের মাটি মিশবে না, যে কারণে চাষ করে নিয়েছেন। বিল জমা দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রকল্প থেকে টাকা তুলে আরও কিছু কাজ করব।’ উপজেলা প্রকল্প কর্মকর্তা শরিফ মো. রুবেল জানান, মাঠে মাটি ফেলে সমান করার জন্য তাঁরা চিঠি দিয়েছেন। নিয়মানুযায়ী কাজ না করলে বাকি টাকা দেওয়া হবে না।