গাইবান্ধায় ভূমিহীনদের জন্য ১৯টি আশ্রয়ণ প্রকল্পের মাটি ভরাটকাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শ্রমিক দিয়ে মাটি ভরাটের কথা থাকলেও তা করা হয়নি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) সঙ্গে যোগসাজশে প্রকল্পের চেয়ারম্যানরা শ্যালো ইঞ্জিনচালিত মেশিন দিয়ে মাটি ভরাট করে অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে।
গাইবান্ধা পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক জিয়াউল হক বলেন, টাকা লুটপাটের উদ্দেশ্যেই কাঠখড় পুড়িয়ে প্রকল্পগুলো আনা হয়েছে। শ্যালো ইঞ্জিন দিয়ে ভূগর্ভস্থ ও নদী থেকে বালু উত্তোলনের কারণে পরিবেশ বিপর্যয় ঘটছে।
গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কার্যালয় সূত্র জানায়, চারটি উপজেলায় ১৯টি আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। এগুলো হচ্ছে সুন্দরগঞ্জ উপজেলার বোচাগাড়ি, হরিপুর, দক্ষিণ শ্রীপুর, পোড়ারচর, ভাটি কাপাসিয়া, ভাটি বুরাইল, গেন্দুরাম, খোরদা, গোবিন্দগঞ্জ উপজেলার পান্তামারি, উজিরেরপাড়া, পারসোনাইডাঙ্গা, কুমারগাড়ি, নলডাঙ্গা, ধুন্দিয়া, খানচাপাড়া, শ্যামপুর পার্বতীপুর, পার সোনাইডাঙ্গা-২, সাদুল্যাপুর উপজেলার শ্রীরামপুর ও গাইবান্ধা সদর উপজেলার হাঁসধরা। এর মধ্যে ১০টিতে মাটি ভরাট করে কয়েকটিতে ঘরবাড়ি নির্মাণ চলছে। অবশিষ্ট নয়টিতে মাটি ভরাটকাজ চলছে। ২০ ও ২১ এপ্রিল তিনটি প্রকল্প ঘুরে মেশিন দিয়ে মাটি তুলে ভরাটের সত্যতা মিলেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের খোরদা আশ্রয়ণ প্রকল্পে সাড়ে চার একর জমিতে মাটি ভরাটে ২৮১ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। প্রতি মেট্রিক টন গম ২০ হাজার টাকা হিসেবে মোট মূল্য ৫৬ লাখ ২০ হাজার টাকা।
খোরদা গ্রামের দিনমজুর রফিকুল ইসলাম বলেন, ‘হামার ঘরে চরোত মাটির কাম হলো, হামরা কাম করব্যার পানো না। ওমরা গায়ের জোরে মেশিন দিয়া মাটি কাটল।’
প্রকল্প সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সামাদ বলেন, ‘আমি প্রকল্পের সভাপতি হলেও ইউনিয়নের নাচনী ঘাঘোয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম এর তদারকি করছেন। এ ব্যাপারে তিনিই ভালো বলতে পারবেন।’ জাহাঙ্গীর আলম বলেন, ওপরে যোগাযোগ করে পয়সা খরচ করে প্রকল্প আনতে হয়। তাই মাটি না পাওয়ায় মেশিন ব্যবহার করা হচ্ছে।
পিআইও জহিরুল ইসলাম বলেন, শ্রমিক দিয়ে সময় বেশি লাগে। তাই মেশিনে মাটি ভরাট চলছে। এ পর্যন্ত শতকরা ৮০ ভাগ কাজ হয়েছে।
গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের উজিরেরপাড়া আশ্রয়ণ প্রকল্পে চার একর ১৭ শতক জমিতে মাটি ভরাটে ৪৬ লাখ ৪৬ হাজার ৪০০ টাকা মূল্যের ২৩২ দশমিক ৩২০ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়।
উজিরেরপাড়া গ্রামের কৃষক আফতাব হোসেন বলেন, ‘শুধু নদী থেকেই বালু উত্তোলন করা হয়নি। আমার ৫০ শতক পৈতৃক জমি দখল করে সেখানে মাটি ভরাটের পাঁয়তারা চালানো হচ্ছে।’
গ্রামের আজিজার রহমান ও আবদুল জলিল অভিযোগ করেন, তাঁদের ২০ শতক জমি দখল করে ভরাট করা হয়েছে। প্রকল্প সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির হোসেন বলেন, জমি দখল করে মাটি ভরাট করা হচ্ছে না। খাসজমিতে মাটি ভরাটকাজে কয়েকজন বাধা দেওয়ায় মাঝপথে কাজ থেমে আছে।
একই উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের পারসোনাইডাঙ্গা-২ আশ্রয়ণ প্রকল্পে চার একর ৪০ শতক জমিতে মাটি ভরাটে ৮৭ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। পারসোনাইডাঙ্গা গ্রামের দিনমজুর মজিবর মিয়া বলেন, ‘মেশিন দিয়া মাটি কাটলে নাভ বেশি। তাই ওমরা কামলা (শ্রমিক) নেয় নাই।’ প্রকল্পের সভাপতি আলেছ উদ্দিন বলেন, শ্রমিকের পাশাপাশি মেশিনেও মাটি কাটা হয়েছে।
গোবিন্দগঞ্জের পিআইও আবদুল মান্নান বলেন, মাটি-সংকটের কারণে মেশিনে ভরাটকাজ চলছে। তবে অর্থ আত্মসাতের অভিযোগ ভিত্তিহীন।