মাটিচাপা দেওয়া হচ্ছে বিষাক্ত ৯৯ টন আম
মেহেরপুরের গাংনীতে ফরমালিনযুক্ত ৯৯ টন আম ধ্বংস করার প্রক্রিয়া শুরু হয়েছে। উপজেলার কাজীপুর গ্রাম থেকে জব্দ করা বিষাক্ত সেই আম ১৯ দিন পর গতকাল সোমবার থেকে মাটিচাপা দেওয়া শুরু হয়েছে।
আমগুলো কাজীপুর গ্রামের আবদুল মজিদের বাড়িতে ৮৭৮টি ড্রামে সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করা হচ্ছিল।
কাজীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলম হুসাইন জানান, ভ্রাম্যমাণ আদালতের নির্দেশ অনুযায়ী গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে আম ধ্বংসের কাজ শুরু হয়। আমগুলো যেখানে জব্দ করা হয়, সেখান থেকে তিন কিলোমিটার দূর হাড়াভাঙ্গা আখমাড়াই কেন্দ্রের পূর্বে গর্ত খুঁড়ে সেখানে ফেলা হচ্ছে। পরে তা বালু দিয়ে ভরাট করা হবে। এ প্রক্রিয়া শেষ করতে দু-তিন দিন লাগবে। ব্যয় হবে ৭০-৮০ হাজার টাকা। ওই টাকা জব্দকৃত ড্রাম বিক্রি করে নির্বাহ করা হবে।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহামঞ্চদ আবদুস সালাম জানান, ১৫ জুনের মধ্যে নির্বাহী হাকিমের উপস্থিতিতে আমগুলো ধ্বংসের জন্য প্রাণ কোম্পানিকে চিঠি দেওয়া হয়। তাতে বলা হয়, অন্যথায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ড্রাম বিক্রির টাকা দিয়ে জব্দকৃত আম ধ্বংস করবে। সেই চিঠির কোনো সাড়া না পাওয়ায় বিষাক্ত আমগুলো স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ধ্বংস করা হচ্ছে। এ আমের দাম প্রায় দেড় কোটি টাকা। পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা (বিএসটিআই) খুলনার ঊর্ধ্বতন পরীক্ষক মাসুম বিল্লাহ জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা করে আমে উচ্চমাত্রায় ফরমালিনের উপস্থিতি শনাক্ত করেন, যা খেলে মানবদেহের কিডনি, পাকস্থলীর ক্ষতিসহ দ্রুত মৃত্যুর কারণ হতে পারত। তবে আমগুলো ড্রামের মুখ আটকে রোদের নিচে যেভাবে সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করা হচ্ছিল, সেটাও বিষক্রিয়ার কারণ হতে পারে।
গত ২৮ মে ভ্রাম্যমাণ আদালত কাজীপুর মাঠপাড়ায় আবদুল মজিদের বাড়ি থেকে ৮৭৮টি ড্রামভর্তি আম জব্দ করেন। সেখান থেকে আবদুল মজিদ ও মুরাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। আদালত দুজনকে দুই বছরের কারাদণ্ড, এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন। তাঁরা এখন মেহেরপুর কারাগারে আছেন।