মাটিচাপা দেওয়া যুবকের লাশ উদ্ধার
নোয়াখালী সদর উপজেলার কালিতারা বাজারে হত্যাকাণ্ডের প্রায় ১৬ ঘণ্টা পরে মাটি খুঁড়ে আরিফ হোসেন (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের গায়ে ধারাল অস্ত্রের আঘাত ও নির্যাতন চালানোর চিহ্ন রয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ওই ব্যক্তি নিখোঁজ ছিলেন। আজ শুক্রবার ভোররাত চারটার দিকে ধর্মপুর ইউনিয়নের দরবেশপুরের আন্নালাচা এলাকায় কচুখেতের মাটি খুঁড়ে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। তারা হলেন মো. পিয়াস (২৩), তাঁর স্ত্রী নুর নাহার (২০), বোন শাহানা আক্তার (১৮), পিয়াসের নানি নুর জাহান (৬০) ও বন্ধু মো. সুমন (২৩)।
জিজ্ঞাসাবাদে আটক হওয়া ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জসিম উদ্দিন প্রথম আলোকে জানান, আটক পিয়াস ও সুমন মুঠোফোনে ডেকে নিয়ে ব্যবসায়ী আরিফ হোসেনকে হত্যা করেন। পরে লাশ মাটিতে পুঁতে রাখেন। পিয়াসের স্ত্রী, বোন ও নানি এ কাজে সহায়তা করেন। থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা প্রত্যেকে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
প্রথম আলোকে দেওয়া আরিফ হোসেনের বড়ভাই আমির হোসেন ওরফে আজাদের ভাষ্য, কালিতারা বাজারে পারিবারিকভাবে তাঁদের জ্বালানি তেলের পাইকারি ব্যবসা রয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে তাঁর ভাই আরিফ হোসেন মোটরসাইকেলে করে খুচরা বিক্রেতাদের কাছ থেকে বকেয়া আদায়ের জন্য বের হন। দুপুর ১২টার পরও তিনি না ফেরায় তাঁকে খুঁজতে শুরু করেন তাঁরা। এ সময় তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। কোথাও খুঁজে না পেয়ে গতকাল সন্ধ্যায় আরিফের বাবা আবুল খায়ের এলাকার সুধারাম থানায় সাধারণ ডায়েরি করেন।
স্থানীয় এলাকাবাসর ভাষ্য, ওইদিন রাত সাড়ে নয়টার দিকে পুলিশের একটি দল গণপিটুনিতে আহত পিয়াস ও সুমন নামের দুই যুবকে পিকআপ ভ্যানে করে থানায় নিয়ে যাচ্ছিলেন। বৈশাখী মেলায় এক নারীকে উত্ত্যক্ত করার অভিযোগে তাঁদের থানায় নিয়ে যাওয়া হয়। এ সময় পিকআপ ভ্যানে থাকা একটি মোটরসাইকেল নিহত আরিফের বলে এলাকাবাসী পুলিশকে জানায়।
ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিন আটক যুবকদের এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পুলিশ দরবেশপুর গ্রামের আন্নালাচা এলাকায় পিয়াসের বাড়িতে অভিযান চালান।
পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিন বলেন, পিয়াস ও সুমন ব্যবসায়ী আরিফকে আটকে রেখেছে সন্দেহ করে তাঁরা পিয়াসদের বাড়িতে যান। পিয়াসের ঘরে সব জিনিস এলোমেলো ছিল। কিন্তু ঘরে কাউকে পাওয়া যায়নি। একপর্যায়ে বাড়ির পেছনের একটি দরজা খোলা দেখা যায়। সেখানে একটি কোদাল পড়ে থাকতে দেখে পুলিশ।
সেখান থেকে কিছু দূরে গিয়ে পুলিশ দেখে, কচু খেতের গাছ এলোমেলো এবং নতুন মাটি চাপা দেওয়া।
পরিদর্শক নিজাম উদ্দিন জানান, এ সময় তিনি নিজেই কোদাল দিয়ে মাটি খুঁড়ে লাশ বের করেন। মাথায় কোপ দিয়ে, গলায় রশি পেঁচিয়ে, দুই হাত বেঁধে ও দুই চোখ উপড়ে আরিফকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।