মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলা কেটে চলছে পাথর তোলার কাজ। ভোরে এই টিলা খুঁড়ে পাথর তোলার সময় মাটিচাপায় শ্রমিক হতাহতের ঘটনা ঘটে। গতকাল বিকেলে ছবিটি তুলেছেন আনিস মাহমুদ
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলা কেটে চলছে পাথর তোলার কাজ। ভোরে এই টিলা খুঁড়ে পাথর তোলার সময় মাটিচাপায় শ্রমিক হতাহতের ঘটনা ঘটে। গতকাল বিকেলে ছবিটি তুলেছেন আনিস মাহমুদ

সিলেটের কোম্পানীগঞ্জে একটি টিলা খুঁড়ে অবৈধভাবে পাথর তোলার সময় মাটিচাপায় ছয়জন শ্রমিক নিহত ও তিনজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শ্রমিক ও আশপাশের লোকজন এ দাবি করলেও পুলিশ বলেছে, তারা লোকমুখে দুজনের মৃত্যুর খবর জেনেছে।
গতকাল সোমবার ভোরে কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলা (শারিপন টিলা) খুঁড়ে পাথর তোলার সময় এ ঘটনা ঘটে। পুলিশকে না জানিয়ে শ্রমিকদের লাশ বাড়িতে পাঠিয়ে দিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট পাথর ব্যবসায়ীদের বিরুদ্ধে। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) সুজ্ঞান চাকমা প্রথম আলোকে বলেন, টিলা ধসে দুজন শ্রমিক নিহত হওয়ার ঘটনা স্থানীয় লোকজনের মাধ্যমে জেনেছে পুলিশ। তাঁদের লাশ নিজ দায়িত্বে শ্রমিকেরা নিয়ে গেছেন। নিহত দুজনের নাম সংগ্রহের চেষ্টা চলছে। পুলিশের কাছে আর কোনো তথ্য নেই।
জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েছ আলম বলেন, টিলা খুঁড়ে পাথর উত্তোলনে নিয়োজিত প্রভাবশালী তিনজনের নাম তাঁরা পেয়েছেন। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ তৎপরতা চালাচ্ছে। পাশাপাশি নিহত শ্রমিকদের পরিবারের সদস্যদের খোঁজা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, নিহত শ্রমিকেরা হলেন সুনামগঞ্জের দিরাইয়ের ভাটিপাড়ার আল-আমিন (৩০) ও আল-হাদিস (৪০), তাহিরপুরের আবদুল কাদির (৩০) ও তাহের মিয়া (৩৫) এবং নেত্রকোনার পূর্বধলার আসিফ (২৫) ও খোকন মিয়া (৩০)। আহত তিনজনের মধ্যে রফিক মিয়া নামের একজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসাধীন রফিক মিয়া বলেন, টিলার একটি গর্তে তাঁরা ১৬-১৭ জন শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ শব্দ করে গর্তের একদিকের টিলার কিছু অংশ ভেঙে পড়ে। সেখানে নয়জন কাজ করছিলেন। তিনিসহ তিনজন ধসে পড়া অংশ থেকে বেরোতে পারলেও ছয়জন চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান। তাঁদের লাশ তাৎক্ষণিকভাবে বাড়িতে পাঠিয়ে দেন শ্রমিক নিযুক্তকারী ব্যক্তিরা। এর জন্য প্রয়োজনীয় টাকার ব্যবস্থাও তাঁরাই করেন। তাঁকেও হাসপাতালে ভর্তি করেছেন তাঁরা। তবে রফিক ওই ব্যক্তিদের নাম বলতে পারেননি।
ওই টিলার পার্শ্ববর্তী গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, সকাল সাতটার দিকে শ্রমিকদের শোরগোল ও টিলা ধসে পড়ার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। তখন শ্রমিকেরা জানান, টিলায় খোঁড়া গর্তের মাটি ধসে ছয়জন চাপা পড়েছেন।
বিকেলে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, হতাহত হওয়ার ঘটনার পরও টিলা কাটা ও পাথর উত্তোলনের কাজ করছেন শত শত শ্রমিক। তাঁদের কয়েকজন বলেন, তাঁরা বিল্লাল মিয়া, আনজু মিয়া ও সোহরাব আলী নামের তিন পাথর ব্যবসায়ীর মাধ্যমে দৈনিক মজুরির ভিত্তিতে এ কাজ করছেন। ছয়জন শ্রমিক নিহত হওয়ার ঘটনা ধামাচাপার চেষ্টার পর এখন তাঁরা এলাকায় নেই।
উপজেলা প্রশাসন সূত্র বলেছে, সরকারি খাস খতিয়ানের ১৩৭ দশমিক ৫০ একর জায়গায় শাহ আরেফিন টিলা। এই টিলার নিচে রয়েছে বড় বড় পাথরখণ্ড। এসব পাথর তুলতেই চলছে টিলা কাটা।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) একটি প্রতিবেদন থেকে জানা যায়, এই টিলার কিছু জমি খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে বন্দোবস্ত নিয়ে প্রভাবশালী পাথর ব্যবসায়ীদের একটি পক্ষ ২০০৯ সাল থেকে পাথর তুলছিল। পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে বেলা একটি কমিটির মাধ্যমে ওই টিলার ৭০ শতাংশ কেটে পাথর লুটপাটের তথ্যও সংগ্রহ করেছে।
টিলায় অবৈধভাবে পাথর উত্তোলন ও শ্রমিকদের জীবনঝুঁকি নিয়ে গত বছরের ৯ সেপ্টেম্বর প্রথম আলোয় একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়েছিল। সিলেটের যেসব উপজেলার টিলা কাটার ওপর উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে, সেগুলোর মধ্যে কোম্পানীগঞ্জ একটি।
বেলার সিলেট অঞ্চলের সমন্বয়ক শাহ শাহেদা আদালতের নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করে বলেন, কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারি এলাকায় যন্ত্র দিয়ে (বোমা মেশিন) পাথর উত্তোলন বন্ধ করে দেওয়ায় শারপিন টিলায় পাথর উত্তোলন শুরু হয়। প্রায় ছয় মাস ধরে এই তৎপরতা চললেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।
এ ব্যাপারে সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন বলেন, অবৈধভাবে পাথর উত্তোলন ও গতকালের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (আজ) কমিটি ঘটনাস্থলে গিয়ে আইনগত ব্যবস্থা নেবে।