মাটিতে পুঁতে ঝাঁটার পেটায় চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ির উঠানে তাঁবুর মতো করে ঝোলানো লাল সালু কাপড়ের কাণ্ডারি। এর ভেতরে মাটিতে কোমর পর্যন্ত পুঁতে রাখা হয়েছে এক বৃদ্ধাকে। কাণ্ডারির পাশে বসে কয়েকজন যুবক কবিরাজের সঙ্গে ঢোল-খোল বাজিয়ে গান করছেন। গানের তালে নেচে নেচে নয়টি শিশু কাণ্ডারির চারপাশ ঘুরছে। সাত পাক ঘোরার পরই ঝাঁটা দিয়ে পেটানো হচ্ছে রোগীকে।বগুড়ার ধুনট উপজেলার চরনাটাবাড়ী গ্রামে একজন পক্ষাঘাতগ্রস্ত রোগীর চিকিৎসার বিবরণ এটি। কয়েক দিন ধরে এভাবেই তাঁর চিকিৎসা করছেন কবিরাজ স্বপন মিয়া (৩০)। এলাকার শত শত লোক প্রতিদিন ভিড় করে এ চিকিৎসা দেখলেও কেউ কোনো প্রতিবাদ করছেন না।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হোসনে ফিরোজা বলেন, এটা অপচিকিৎসা। মানুষের বিশ্বাস ও সরলতার সুযোগ নিয়ে প্রতারণা চলছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের পারনাটাবাড়ি গ্রামের প্রয়াত জহির সরকারের স্ত্রী আইরিন বিবি (৭০)। তাঁর এক ছেলে ও তিন মেয়ে। দিনমজুর ছেলে মোংলা সরকারের সঙ্গে থাকেন তিনি। মোংলা সরকার বলেন, তাঁর মা দীর্ঘদিন ধরে পক্ষাঘাতগ্রস্ত রোগে আক্রান্ত। অনেক চিকিৎসা করানোর পরও কোনো কাজ হয়নি। এই কবিরাজ তাঁর পুত্রবধূর ভাতিজা। আত্মীয়তার সূত্র ধরে তিনি তাঁর মায়ের চিকিৎসা করছেন। তিনি সাত দিনের মধ্যে তাঁর মাকে ভালো করে দেওয়ার কথা বলেছেন। প্রতিদিন এশার নামাজের পর থেকে গভীর রাত পর্যন্ত চিকিৎসা চলে। কবিরাজ স্বপন মিয়া বলেন, তাঁর বাড়ি ধুনট উপজেলার আড়কাটিয়া গ্রামে। প্রায় পাঁচ বছর ধরে তিনি কবিরাজি চিকিৎসা করছেন। তাঁর দাবি, এ পর্যন্ত ১০৫ জন রোগী তাঁর চিকিৎসায় সুস্থ হয়েছে।এভাবে চিকিৎসা করে রোগী সুস্থ হবে কি না, জানতে চাইলে স্বপন বলেন, ‘কিছুটা তো ভালো হবেই। তার পরও কবিরাজি চিকিৎসা করাতে হবে। এ ছাড়া যে ওষুধ দেওয়া হবে, তা খেলে রোগী হয়তো ভালো হয়ে উঠবে। তবে একেবারেই যে ভালো হবে, এর কোনো গ্যারান্টি নেই।’ যোগাযোগ করা হলে ধুনট থানার ওসি তোজাম্মেল হক বলেন, ‘এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’