মাটিতে পুঁতে রাখার সাত দিন পর যুবকের লাশ উদ্ধার
চট্টগ্রামের মিরসরাইয়ে ইমন মিয়া (২৫) নামের এক যুবককে তাঁর বাবা ও ভাই হত্যা করে মাটিতে পুঁতে রাখার ঘটনা ঘটেছে।
হত্যাকাণ্ডের সাত দিন পর শুক্রবার রাতে জোরারগঞ্জ থানার পুলিশ লাশটি উদ্ধার করে। ঘটনাটি ঘটে উপজেলার করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর মহাজন গ্রামে।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ইমনের বাবা দেলোয়ার হোসেন ও ভাই নিশান মিয়াকে আটক করে। গতকাল শনিবার ইমনের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জোরারগঞ্জ থানার উপপরিদর্শক মো. সাদেকুল ইসলাম জানান, ইমনকে হত্যার পর নির্জন জায়গায় প্রায় এক বুক গর্ত করে পুঁতে ফেলা হয়। তাঁর দুই পা ও দুই হাত রশি দিয়ে বাঁধা ছিল। গলায়ও রশি পেঁচানো ছিল।
এলাকাবাসী পুলিশকে জানান, ইমন শান্ত ও মেধাবী ছেলে হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। ইমনের বাবা দেলোয়ার ও ভাই নিশান প্রথমে লাশটি তাঁদের পরিবারের কেউ নয় বলে দাবি করেন। পরে পুলিশের জেরার মুখে দেলোয়ার স্বীকার করেন লাশটি তাঁর ছেলে ইমনের।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান জানান, ইমনকে খুন করে মাটিতে পুঁতে রাখার বিষয়টি তাঁর বাবা ও ভাই পুলিশের কাছে স্বীকার করেছেন। তবে কী কারণে তাঁকে খুন করা হয়েছে, এ ব্যাপারে তাঁরা মুখ খুলছেন না।