মাটিতে পুঁতে ‘অবশ’ চিকিৎসা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাত প্রায় সাড়ে আটটা। বাড়ির উঠানে সামিয়ানা সাঁটানো। এক পাশে কবিরাজের আসন। অন্য পাশে রোগীর জন্য একটি কোমর সমান গর্ত। রোগীকে মাটির এ গর্তে রেখে কবিরাজ বাদ্যযন্ত্রের তালে হাঁক দিচ্ছেন—‘ও বিষ দৌড়ে নাম রে...কালিয়ার কলঙ্কের বিষ দৌড়ে নাম রে...!’এভাবে রাতভর গান-বাজনার তালে নানা উদ্ভট আচার-আনুষ্ঠানিকতার নামে প্যারালাইসিস রোগীর কথিত কবিরাজির ‘অবশ’ চিকিৎসা চলছে সুনামগঞ্জের দিরাই পৌর এলাকার একটি মহল্লায়। গত বৃহস্পতি ও শুক্রবার রাতে দুই দফা মাটিতে পুঁতে ‘অবশ’ চিকিৎসার পর গত সোমবার থেকে কবিরাজ শুরু করেছেন তৃতীয় দফার ঝাড়ফুঁক। তাঁর দাবি, এক সপ্তাহের মধ্যে রোগী সুস্থ হয়ে উঠবেন।জানা গেছে, আধুনিক চিকিৎসাপদ্ধতির প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে উদ্ভট এ চিকিৎসা সিলেটের হাওর ও ভাটি এলাকার গ্রামগুলোতে প্রচলিত রয়েছে। চিকিৎসা-সচেতনতা ও সরকারি স্বাস্থ্যসেবার প্রসারে অনেকটা আড়াল হয়ে পড়া কবিরাজির ‘অবশ’ চিকিৎসার দেখা মেলে বাগবাড়িতে।এলাকাবাসী জানান, বাগবাড়ির বাদল মিয়া (৩০) প্রায় দুই সপ্তাহ আগে সকালে ঘুম থেকে জেগে বুঝতে পারেন, তাঁর শরীরের একাংশ অবশ হয়ে গেছে। তাঁদের বাড়ির পাশেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। পরিবারের লোকজন স্বাস্থ্য কমপ্লেক্সে না গিয়ে তাঁর রোগ সারাতে খবর দেন কবিরাজ মর্তুজা আলীকে। উঠানে কোমরসমান গর্ত করে সেই গর্তে বাদল মিয়াকে দুই দফায় তিন ঘণ্টা ও আড়াই ঘণ্টা রেখে ঝাড়ফুঁক দেন মর্তুজা। গতকাল তিনি তৃতীয় পর্যায়ের চিকিৎসা শুরু করেছেন।পরিবারের সদস্যরা প্রথম আলোর প্রতিনিধির কাছে দাবি করেন, কবিরাজি চিকিৎসায় বাদল কিছুটা সুস্থ হয়েছেন। আরও তিন দফা চিকিৎসার পর পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন। বাদল মিয়া তাঁর সুস্থতা-অসুস্থতা নিয়ে কথা বলতে পারছিলেন না। বাদলের চাচাতো ভাই নেছার আলম জানান, কয়েক দফা চিকিৎসার জন্য কবিরাজের সঙ্গে ১০ হাজার টাকার চুক্তি হয়েছে। ওই টাকাও দেওয়া হবে ধাপে ধাপে। বাড়ি থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দূরত্ব মাত্র আধা কিলোমিটার। বাদলকে আগে সেখানে নিয়ে গেলেন না কেন—এমন প্রশ্নে নেছার বলেন, ‘আমার আত্মীয় একজন ওই কবিরাজের হাতো ভালা অইছন। এর লাগি সবে কবিরাজরে ভরসা করছইন।’তৃতীয় পর্যায়ের চিকিৎসার প্রস্তুতিতে থাকা কবিরাজ মর্তুজা আলী (৫৪) জানান, প্রথম দফায় তিন ঘণ্টা ও দ্বিতীয় দফায় আড়াই ঘণ্টা রোগীকে মাটিতে পুঁতে রেখেছেন। বাদল মিয়ার রোগ কী—জানতে চাইলে তিনি ‘অবশ’ বলে জানান। কারণ হিসেবে তাঁর ব্যাখ্যা—শরীরে ‘বিষ’ জমে এমন হয়। বাদ্যযন্ত্র আর গান ওই বিষ টানে বলে তিনি দাবি করেন। মর্তুজা আলী জানান, তিনি বৃহত্তর সিলেটের গ্রাম এলাকায় এ চিকিৎসা দিচ্ছেন প্রায় ৩০ বছর ধরে। তাঁর চিকিৎসায় শত শত রোগী ভালো হয়েছে।একজন রোগীকে দীর্ঘক্ষণ মাটিতে পুঁতে রাখলে আরও কাহিল হয়ে যাবে—এ ব্যাপারে কবিরাজ মর্তুজা আলী বলেন, ‘এইটা ব্যাপার না। মাটি বরং ওষুধ। বিষ দেয় আর টানে। আফনারা দুই-তিন সপ্তাহ পর আইয়া দেখবা রোগী ভালা!’দিরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আশুতোষ দাস ওই রোগ প্যারালাইসিস বলে জানান। তিনি বলেন, ‘এটা কোনো চিকিৎসা নয়, অপচিকিৎসা। চিকিৎসা-সচেতনতার অভাবে এভাবে কবিরাজের ওপর নির্ভরশীলতা তৈরি হয়। দেখা গেছে, কবিরাজি চিকিৎসায় ব্যয় অনেক গুণ হলেও ধাপে ধাপে টাকা দেওয়া হয় বলে এ নিয়ে পরিবারের কোনো অসুবিধা হয় না। কিন্তু পুরো ব্যাপারটি যে এক ধরনের প্রতারণা, সে বিষয়ে পরে তাদের জানা হয়।’উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ‘অপচিকিৎসা আইনত অপরাধ। এটা এক ধরনের প্রতারণা। আমি খোঁজ নিয়ে অবশ্যই ব্যবস্থা নেব।’