
ঘূর্ণিঝড় মোরার আঘাতে কক্সবাজারের চারটি উপজেলায় বেশির ভাগ পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ বেশি টেকনাফ ও মহেশখালী উপজেলায়। ক্ষতিগ্রস্ত চাষিরা পড়েছেন দুশ্চিন্তায়। এখনো কোনো সাহায্য পাননি তাঁরা।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়ে টেকনাফ, মহেশখালী, উখিয়া ও রামু উপজেলাতে ৩ হাজার ৩০৫ একর জমির পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতি একরে পানের বরজ হয় তিনটি করে। সেই হিসাবে বরজের সংখ্যা দাঁড়ায় ৯ হাজার ৯১৫টি। এর মধ্যে মহেশখালীতে ১ হাজার ৪৬১ একরের ৪ হাজার ৩৮৩টি, টেকনাফে ১ হাজার ৩৮২ একরে ৪ হাজার ১৪৬টি, উখিয়ায় ৪৩২ একরে ১ হাজার ২৯৬টি এবং রামুতে ৩০ একরের ৯০টি পানের বরজ ভেঙে গেছে।
গত রোববার সকালে টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়া, জাহালিয়াপাড়া ঘুরে দেখা গেছে, শত শত পানের বরজ মাটির সঙ্গে মিশে আছে। চাষিরা ভেঙে পড়া বরজ থেকে বাঁশ সংগ্রহ করছেন। কেউ কেউ পড়ে থাকা গাছ থেকে কিছু পান সংগ্রহ করছেন।
১৫ বছর ধরে পান চাষ করে করছেন নতুন পল্লানপাড়ার সখিনা খাতুন (৪০)। গত বছরের নভেম্বরের শুরুতে ৭ হাজার টাকায় এক কানি (৪০ শতক) জমি বর্গা নিয়ে তাতে ৫৫ হাজার টাকা খরচ করে তৈরি করেন পানের বরজ।
সখিনা খাতুন (৪০) বলেন, গত মে মাসে এই বরজ থেকে ৭০ হাজার টাকার পান বিক্রি হয়েছে। বরজে ছিল আরও কয়েক লাখ টাকার পান। গত মঙ্গলবারের ঘূর্ণিঝড়ে বরজটি ভেঙে গেছে।
পাশের গ্রাম জাহালিয়াপাড়ার নবী হোসেন (৪৫) বলেন, ঘূর্ণিঝড়ে তাঁর এক কানি জমির একটি পানের বরজ ভেঙে গেছে। এখন নতুনভাবে পানের বরজ তৈরি করতে ৫০-৬০ হাজার টাকার দরকার। এতো টাকা তাঁর নেই।
টেকনাফের সাবরাং ইউনিয়নের মণ্ডলপাড়া, আছারবনিয়া, নয়াপাড়ায় বেশির ভাগ পানের বরজ ভেঙে পড়েছে।
টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান মিয়া বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার পানের বাম্পার ফলন হয়েছিল। কিন্তু ঘূর্ণিঝড় সব শেষ করে দিল। এখন চাষিদের সহজ শর্তে ঋণের ব্যবস্থা না নিলে উৎপাদন ব্যাহত হবে। স্থানীয় চাহিদা পূরণ করে টেকনাফের পান সারা দেশে সরবরাহ করা হয়।
টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, এই উপজেলার পাঁচটি ইউনিয়নে এবার ৩ হাজার ২৩১ একর জমিতে পানের চাষ হয়েছে। ঘূর্ণিঝড়ে ১ হাজার ৩৮২ একর পানের বরজের ক্ষতি হয়েছে। বর্তমানে প্রতি বিরা পান (এক বিরায় ৮০টি) বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়।
মহেশখালী পৌরসভার মেয়র মকসুদ মিয়া বলেন, মহেশখালীর মিষ্টি পান বিখ্যাত। কিন্তু ঘূর্ণিঝড় মোরা এখানকার চাষিদের চার হাজারের বেশি পানের বরজ ধ্বংস করে দিয়েছে। ক্ষতিগ্রস্ত চাষিদের আর্থিকভাবে সহযোগিতা দরকার। একই কথা বলেন রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলমও।