মাটিদূষণ, দুই কারখানাকে ৪১ লাখ টাকা জরিমানা
গাজীপুর সদর উপজেলার ভবানীপুরে দুটি সিরামিক কারখানাকে ৪১ লাখ ৭৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কারখানার তরল বর্জ্যে কৃষিজমি বিনষ্ট এবং বনভূমির মাটিদূষণের অপরাধে গতকাল মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর এ জরিমানা আদায় করে।পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অধিদপ্তর গতকাল সকালে ভবানীপুর এলাকায় অভিযান চালায়। এ সময় ফু-ওয়াং সিরামিকস লিমিটেড কারখানার ইটিপি বন্ধ পাওয়া যায় এবং সানপাওয়ার সিরামিক লিমিটেডে ইটিপি পাওয়া যায়নি। ফু-ওয়াং কারখানার পরিবেশ ছাড়পত্র নেই। সানপাওয়ারের পরিবেশ ছাড়পত্র নবায়ন করা হয়নি। কারখানা দুটির আশপাশে কৃষিজমি এবং বন বিভাগের বিস্তীর্ণ বনভূমি রয়েছে।কারখানা দুটি থেকে পাকা ও কাঁচা নালা তৈরি করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাছে উন্মুক্ত জমিতে তরল বর্জ্য ফেলা হচ্ছে। এতে মাটিদূষণ ও কৃষিজমি বিনষ্ট হওয়া ছাড়াও পরিবেশ ও প্রতিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। এই অপরাধে ফু-ওয়াং সিরামিকস লিমিটেডকে ১৪ লাখ ৯০ হাজার টাকা ও সানপাওয়ার সিরামিকস লিমিটেডকে ২৬ লাখ ৮৮ হাজার টাকা জরিমানা করা হয়।পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহামঞ্চদ মুনীর চৌধুরী এ দণ্ডাদেশ দেন। পরে কারখানা দুটির ব্যবস্থাপনা পরিচালকদের কাছ থেকে এ অর্থ আদায় করা হয়।এ ঘটনার সত্যতা নিশ্চিত করে অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরী বলেন, কৃষিজমিকে কারখানা বর্জ্য দূষণের করাল গ্রাস থেকে রক্ষায় আইন অমান্যকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি অব্যাহত রাখা হবে।