মাটির কলসে হাজারো অতিথি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহ সার্কিট হাউজ চত্বরের একটি গাছে ছানা দিয়েছে পাখি। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
ঝিনাইদহ সার্কিট হাউজ চত্বরের একটি গাছে ছানা দিয়েছে পাখি। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

ভবনের বিভিন্ন স্থানে ও গাছের ডালে হাজার খানেক মাটির কলস। তার মধ্যে হরেক প্রজাতির পাখির বাসা। সারাক্ষণ কিচিরমিচির কলরবে মুখরিত এলাকা।
এ দৃশ্য ঝিনাইদহের চাকলাপাড়া এলাকার; সেখানে পাখিদের বসবাসের জায়গা করে দেওয়ার পাশাপাশি নিয়মিত দেওয়া হচ্ছে খাবারও। এই শুভ উদ্যোগ স্বয়ং জেলা প্রশাসকের।
জেলা প্রশাসন ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, জেলা প্রশাসকের দপ্তর, সার্কিট হাউস ও আশপাশের এলাকায় গড়ে তোলা হয়েছে পাখিদের এই অভয়াশ্রম। গাছে গাছে বেঁধে দেওয়া হয়েছে মাটির কলস। ভবনের বিভিন্ন স্থানেও বসানো হয়েছে তা। এসব কলসে এখন হাজার হাজার পাখি বসবাস করছে।
পাখিগুলোকে অতিথি হিসেবে চিহ্নিত করেছে জেলা প্রশাসন। সেভাবেই এদের সঙ্গে আতিথেয়তা করা হয়। মাটিতে সুবিধাজনক বিভিন্ন স্থানে পাত্র বসিয়ে পাখিদের খাবারের বন্দোবস্ত করা হয়েছে। সকাল হলেই এসব পাখি বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে; সন্ধ্যা হলে ঘরে ফেরে। এলাকাবাসীও এখন এসব পাখির প্রতি সহানুভূতিশীল। পাখিদের এসব আবাসস্থলে কেউ ঢিল ছোড়ে না।
চাকলাপাড়া এলাকার বাসিন্দা রুবেল হোসেন বলেন, এখন সময় পেলেই তিনি সার্কিট হাউস এলাকায় আসেন। সেখানে পাখিদের কিচিরমিচির শব্দে তাঁর মন ভরে যায়। স্থানীয় মানুষের মধ্যেও একটা জাগরণ এসেছে। তারা পাখিদের প্রতি খুবই সদয়।
সরেজমিনে দেখা যায়, সার্কিট হাউস ভবনের গা ঘেঁষে ঝাউগাছে থাকা কলসে বাসা বেঁধেছে ঘুঘু। সাধারণত মানুষের শব্দ পেলেই ঘুঘু পালিয়ে যায়। সেই ঘুঘুই দিব্যি সেখানে বাচ্চা ফুটিয়েছে। এরা সরবরাহকৃত খাবার খাচ্ছে নিঃশঙ্কচিত্তে।
ঝিনাইদহ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খলিল আহম্মেদ বলেন, জেলা প্রশাসক মো. মাহবুব আলম তালুকদার পাখিপ্রেমী। পাখি রক্ষায় তাঁর উদ্যোগেই এই অভয়াশ্রম গড়ে তোলা হয়েছে। ‘ঝিনাইদহ কালেক্টরেট সাংস্কৃতিক গোষ্ঠী’ নামের একটি সংগঠন এখন নিয়মিত পাখিগুলোর দেখাশোনা করে। তিনি আরও বলেন, কলসগুলো বসানোর পর পাখিরা দ্রুতই সেখানে বাসা বাঁধে। এরপর তার মধ্যেই এরা বাচ্চা ফুটিয়েছে। কলসগুলোতে শালিক, চড়ুই, দোয়েল, টুনটুনি, প্যাঁচা, কাঠঠোকরা, টিয়াসহ বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে বলে জানান তিনি।
জেলা প্রশাসক মাহবুব আলম বলেন, গত মার্চে দুটি বড় ঝড়ে গাছপালা ভেঙে পাখির আবাসস্থল নষ্ট হয়। অনেক পাখি মারাও যায়। খুব খারাপ লাগে তাঁর। এরপর পাখি রক্ষায় এই উদ্যোগ নেন তিনি, এতে জেলা প্রশাসনের অন্যরাও সহযোগিতা করেছেন। শিগগিরই উপজেলা পর্যায়েও এমন উদ্যোগ নেওয়া হবে।
বাংলাদেশ বার্ড ক্লাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও কুষ্টিয়া জেলা সভাপতি এস আই সোহেল বলেন, এগুলো আবাসিক পাখি। পুরোনো ভবন ও গাছপালা কমে যাওয়ায় এদের সংখ্যাও কমে যাচ্ছে। এদের রক্ষায় ঝিনাইদহের জেলা প্রশাসক যে উদ্যোগ নিয়েছেন, যা সাধুবাদ পাওয়ার যোগ্য। অন্য জেলা প্রশাসকেরাও এমন উদ্যোগ নেবেন বলে তিনি আশা করেন।