মাটির কারবারে ক্ষতবিক্ষত সুরমা
সিলেট শহরতলির পূর্ব কুশিঘাট এলাকায় সুরমা নদীর তীরের মাটি কেনাবেচা চলছে অবৈধভাবে। আবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই খননযন্ত্র দিয়ে নদীগর্ভের মাটি তুলে ভরাট করা হচ্ছে আশপাশের নিচু জমি। এতে করে নদীর গতিপথ বাধাগ্রস্ত হওয়া ও বর্ষা মৌসুমে বড় ধরনের ভাঙনের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। গতকাল বুধবার সরেজমিনে দেখা গেছে, সিলেট সদর উপজেলার পূর্ব কুশিঘাটের নয়াবস্তি এলাকাজুড়ে চলছে মাটির কারবার। নদীতীরের উঁচু জমি কেটে তৈরি করা হয়েছে বড় বড় গর্ত। সেখানে গর্তের ভেতর দাঁড়িয়ে কয়েকটি ট্রাক। শ্রমিকেরা ওপর থেকে কোদালে কেটে মাটি ফেলছে ট্রাকে। আশপাশের লোকজন জানান, ট্রাকভর্তি মাটি যাচ্ছে আশপাশের ইটভাটায়।পাশেই নদীতে বসানো আছে ছোট-বড় অনেকগুলো খননযন্ত্র। সেগুলোর সঙ্গে যোগ করা আছে লম্বা পাইপলাইন। খননযন্ত্রগুলো পানির সঙ্গে মাটি তুলে পাইপের মাধ্যমে ফেলা হচ্ছে নদীতীরের অদূরবর্তী নিচু জমিতে। পূর্ব কুশিঘাটের বাসিন্দারা জানান, আশপাশে একাধিক আবাসন প্রকল্প ও ইটভাটা থাকায় মাটির কারবার চলছে জমজমাটভাবে। ইটভাটায় এঁটেল মাটির চাহিদা থাকায় নদীতীরের খাস ও ব্যক্তি-মালিকানাধীন জমি থেকে তাঁরা মাটি কিনছেন। দৃশ্যত, ট্রাকচালক ও মাটিকাটা শ্রমিকেরাই মাটির কারবারে থাকলেও আড়ালে রয়েছে দালাল চক্র। ট্রাকপ্রতি মাটি ৭০০ থেকে ৭৫০ টাকায় বিক্রি হয়। খননযন্ত্রে পলিমাটি নেওয়া হয় চুক্তি অনুসারে।‘হার্ড সুপার ব্রিকস’ ও ‘ফেসকো ব্রিকস’ নামের দুটি ইটভাটার ব্যবস্থাপকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁরা নদীতীর থেকে মাটি কেনার বিষয়টি স্বীকার করেন। তবে তাঁরা বলেন, প্রতিটি ইটভাটায় মাটির জন্য নিজস্ব জমি আছে। এর পরও মাটির বেশি চাহিদা থাকায় নদীতীরের ব্যক্তি-মালিকানাধীন জমির মালিকেরা নিজেদের উদ্যোগে মাটি কেটে বিক্রি করছেন।এ ছাড়া কুশিঘাট থেকে শাহপরান সেতুর নিচ পর্যন্ত ছোট-বড় নয়টি খননযন্ত্র দিয়ে তোলা হচ্ছে নদীগর্ভের পলি ও বালি। পাইপের মাধ্যমে ফেলা হচ্ছে পুষ্টি বেকারিজসহ আশপাশের কয়েকটি আবাসন প্রকল্পের নিচু জমিতে।যোগাযোগ করলে পুষ্টি বেকারিজের ব্যবস্থাপক পরিচয়দানকারী মোহাম্মদ জেবুল মাটি কেনার বিষয়টি স্বীকার করেন। তবে নদী খননের জন্য প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন আছে কি-না, জানতে চাইলে তিনি মালিক পক্ষের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।‘ড্রেজ বাংলা-২৬ ও ২৫’ নামের সবচেয়ে বড় দুটি খননযন্ত্রের মালিক সিলেটের ‘আফতাব কার্পেট’ নামের ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক আফতাব আহমদ। তাঁর মুঠোফোনে যোগাযোগ করলে আফতাব আহমদের ভাই পরিচয় দিয়ে আবরু মিয়া নামের এক ব্যক্তি দাবি করেন, ‘সুরমা নদীর হেতিমবাগ মৌজা এলাকা থেকে খননযন্ত্রের সাহায্যে পলিমাটি তুলতে তাঁরা ২০০৭ সালে জেলা প্রশাসনের রাজস্ব শাখা থেকে অনুমতি নিয়েছেন।’চার বছর আগের অনুমতিতে এখনো পলি-বালু তুলছেন কেন, জানতে চাইলে আবরু মিয়া বলেন, ‘এবারও নবায়নের মাধ্যমে অনুমতি নেওয়া হয়েছে। এ জন্য ছয় লাখ টাকা রাজস্ব শাখায় জমা দেওয়া হয়েছে।’নদী খননের কোনো অনুমতি দেওয়া হয়েছে কি-না, জানতে চাইলে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহাবউদ্দিন খান প্রথম আলোকে বলেন, ‘আমার জানামতে, এ রকম অনুমতি কাউকে দেওয়া হয়নি। খোঁজ নিয়ে দেখব।’পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী তাপস পুরকায়স্থ বিশেষজ্ঞদের বরাত দিয়ে প্রথম আলোকে বলেন, ‘নদীতীর যদি উঁচু হয়, তাহলে মাটি কেটে নিলে বর্ষার শুরুতেই নদীর গতিপথ বেঁকে পানি মাটিকাটা অংশের দিকে ধাবিত হতে পারে। আর যদি নিচু হয়, তাহলে বর্ষায় তীর উপচে আশপাশ এলাকায় প্রবেশ করতে পারে।’ পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক এস এম ফজলুল করিম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘পরিবেশ আইন অনুযায়ী, নদীতীরের মাটিকাটা অবৈধ। তবে পূর্ব কুশিঘাটের বিষয়টি আমরা জানতাম না। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’