মাটির ট্রাকের দাপটে দফারফা এক সড়কের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিবগঞ্জ উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের ভড়িয়া থেকে গাংনগরে যাওয়ার রাস্তাটি মাটির ট্রাকের দাপটে বেহাল।  ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
শিবগঞ্জ উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের ভড়িয়া থেকে গাংনগরে যাওয়ার রাস্তাটি মাটির ট্রাকের দাপটে বেহাল। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের একটি সড়ক দিয়ে প্রতিদিন শতাধিক মাটিবোঝাই ট্রাক চলাচল করে। এতে ভড়িয়া গ্রাম থেকে দেউলী মাদ্রাসা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়ক বেহাল হয়ে পড়ে রয়েছে। চলার অযোগ্য সড়ক আর ধুলায় বিপর্যস্ত হয়ে পড়েছে সড়কের ওই অংশসংলগ্ন গ্রামের জনজীবন।
সড়কসংলগ্ন ভড়িয়া গ্রামের চার-পাঁচজন বাসিন্দা বলেন, প্রায় ২০ বছর আগে বগুড়া-রংপুর মহাসড়কের উপজেলার ভড়িয়া থেকে গাংনগরে যাওয়ার এ রাস্তাটি তৈরি হয়। কিন্তু এখন সড়কটি স্থানীয় লোকজনের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বছর পাঁচেক ধরে দেউলীর বিভিন্ন মাঠ থেকে ইটভাটার মালিকেরা মাটি কেনা শুরু করেছেন। তাই প্রতিদিনই মাটিবোঝাই বহু ট্রাক ওই সড়ক দিয়ে যাতায়াত করে। এতে সড়কটির খোয়া উঠে মাটি বেরিয়ে গেছে। ট্রাকের চাকায় চাকায় ওড়া ধুলায় ছেয়ে থাকে আশপাশের এলাকা। সড়কটি সংস্কারের দাবিতে এলাকাবাসী দরখাস্তও পাঠিয়েছেন বিভিন্ন দপ্তরে। কিন্তু সেভাবে কোনো সাড়াই মেলেনি।
বাসিন্দারা আরও বলেন, এই সড়কে যেকোনো গাড়ি গেলেই চারদিক ধুলায় ভরে যায়। নাক-মুখ চেপে চলাচল করতে হয়। ধুলার হাত থেকে রক্ষা পেতে বাড়ির জানালা-দরজা বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তাঁরা। শীতের এই শুষ্ক মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। সড়কটি দিয়ে প্রতিদিন প্রায় ২০০ যানবাহন চলাচল করে বলে জানান এসব মানুষ।
সরেজমিনে সম্প্রতি দেখা গেছে, দীর্ঘদিন কোনো সংস্কার না করায় পিচ, ইট-খোয়া সব উঠে সড়কের মাটি বের হয়ে গেছে। ধুলায় আশপাশের বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও গাছ ধূসর হয়ে গেছে।
সড়কের শুরুতেই দেখা যায়, আবদুল কুদ্দুছ নামের একজন সড়কে পানি ছিটাচ্ছেন। তিনি একটি প্রতিষ্ঠানের কর্মচারী। ওই প্রতিষ্ঠানের বেশ কয়েকটি ট্রাক এ সড়কে মাটি নিয়ে চলাচল করে। প্রতিষ্ঠানের নাম না প্রকাশের শর্তে তিনি বলেন, এসব ট্রাক যাওয়ায় ধুলাবালু ওড়ে। বিষয়টি নিয়ে ট্রাকচালকদের সঙ্গে গ্রামবাসীর ঝগড়া-বিবাদ হয়। তাই ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্মচারী হিসেবে ধুলাবালু যাতে একটু কম ওড়ে, সে লক্ষ্যে তিনি সড়কে পানি ছিটাচ্ছেন।
রাস্তা দিয়ে যাওয়া পার্শ্ববর্তী গ্রামের গৃহিণী মাহমুদা খাতুনের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘বাচ্চাদের নিয়ে রাস্তায় বেরোতে ইচ্ছা করে না। প্রায় সব সড়কেই ধুলা। বিষয়টি অসহনীয় পর্যায়ে চলে গেছে।’
ভড়িয়া পূর্বপাড়া গ্রামের কৃষক বজলুর রহমান (৬০) বলেন, ‘পানি না ছিটানো হলে সড়কের পাশে যাদের বাড়ি আছে তারা চরম বিড়ম্বনায় পড়ে। এখন সড়কে পানি ছিটানো হচ্ছে, তারপরও ঘরের লেপ-কাঁথা এই ধুলাবালুতে নোংরা হয়ে যায়।’
ভটভটিচালক আবু তালেব (৩৫) বলেন, ‘সারাক্ষণ ধুলাবালুর মধ্যে আছি। এই সড়কে ভটভটি চালানো কঠিন হয়ে পড়েছে। তারপরও পেটের দায়ে কোনো রকম চালাতে হচ্ছে। কীভাবে যাতায়াত করি, আমরাই জানি।’
উপজেলার দেউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হাই প্রধান বলেন, ‘সড়কটির কারণে মানুষের চরম ভোগান্তি হচ্ছে। আমি বিভিন্ন জায়গায় সড়কটি পুনর্নির্মাণ করতে অনুরোধ করেছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না।’
উপজেলা প্রকৌশলী সামছুল ইসলাম বলেন, ‘সড়কটির অবস্থা ভালো না। আশা করছি অচিরেই এলাকাবাসী ভালো কোনো সংবাদ পাবে।’