মাটির দেয়াল ধসে গৃহবধূর মৃত্যু
কক্সবাজারের মহেশখালী পৌর এলাকায় দক্ষিণ পুটিবিলা গ্রামে গতকাল সোমবার ভোররাতে মাটির দেয়াল ধসে রুবি আক্তার (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় তাঁর স্বামী খাইরুল আমিন (৩০) গুরুতর আহত হন।
মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দিদারুল ফেরদাউস বলেন, খাইরুল আমিন মাটির একটি ঘর তৈরি করছিলেন। কাজ শেষ না হওয়ায় তাঁর পরিবার নির্মাণাধীন বসতঘরের পাশে রান্নাঘরে বসবাস করে আসছিলেন।
সোমবার ভোররাতে রান্নাঘরের ওপর মাটির কাঁচা দেয়াল ধসে পড়ে। এতে মাটি চাপা পড়ে খাইরুল আমিন ও তাঁর স্ত্রী রুবি আক্তার গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সকাল ছয়টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক রুবিকে মৃত ঘোষণা করেন। আর আশঙ্কাজনক অবস্থায় খাইরুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি জানান, ওই ঘটনায় গৃহবধূর দেড় বছরের শিশুসন্তান মেহেদী হাসান প্রাণে বেঁচে গেছে।