মাটির নিচ থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলছাত্র রবিউল ইসলাম শেখ ওরফে নবু (১২) নিখোঁজ হওয়ার আট দিন পর গতকাল শনিবার দুপুর দুইটার দিকে মাটির নিচ থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিউল ইসলাম রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামের কৃষক আবদুল কাশেম শেখের ছেলে। সে উদয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল।
বসন্তপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল কালাম আজাদ জানান, বাজিতপুর গ্রামের আবদুর রহমান মিস্ত্রি তাঁর গমখেতে গবাদিপশুর প্রবেশ ঠেকাতে জিআই তার দিয়ে বিদ্যুতের সংযোগ দেন। গত ৬ ডিসেম্বর সন্ধ্যায় রবিউল তাঁর মামাতো ভাই ফিরোজের সঙ্গে বাড়ি ফেরার সময় সেখানে বিদ্যুতায়িত হয়ে পড়ে যায়। ঘটনাটি ফিরোজ তাঁর মাকে বললেও প্রথমে কেউ গুরুত্ব দেয়নি। কিন্তু রবিউল না ফেরায় সকালে আবদুর রহমানের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করেন।
এ ঘটনার তিন দিন পর আবদুর রহমান পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে গেলে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করা হয়। গতকাল শনিবার দুপুরে কয়েকটি শিশু আবদুর রহমান মিস্ত্রির বাড়ির সেপটিক ট্যাংকের পাশে পুঁতে রাখা শিশুটির পা দেখতে পেয়ে লোকজনকে জানায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।