মাটির নিচে থাকা বিক্রমপুরের ইতিহাস বেরিয়ে আসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান বলেছেন, ‘বিক্রমপুরের অনেক ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। অনেক গুণীজনের জন্ম হয়েছে এখানে। এখানে প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে মাটির নিচে পড়ে থাকা বিক্রমপুরের অনেক ইতিহাস বেরিয়ে আসবে বলে আশা করি।’গতকাল শনিবার মুন্সিগঞ্জের বিক্রমপুর অঞ্চলে দ্বিতীয় পর্যায়ের প্রত্নতাত্ত্বিক খননকাজের উদ্বোধন ও কৃতী শিক্ষার্থী ও গুণীজন সম্মাননা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রহমান এসব কথা বলেন। মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।হাবিবুর রহমান বলেন, খননকাজের সঙ্গে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করার এই উদ্যোগ প্রশংসনীয়। এসব কর্মকাণ্ডের মাধ্যমে ‘অগ্রসর বিক্রমপুর’ গঠনের উদ্দেশ্য অর্জিত হবে।অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন মুন্সিগঞ্জ কেন্দ্রের সভাপতি জাহাঙ্গীর হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, প্রাবন্ধিক ও আওয়ামী লীগ নেতা নূহ-উল-আলম লেনিন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শ্যামসুন্দর বিশ্বাস, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মো. আজিজুল আলম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুফি মুস্তাফিজুর রহমান, এনামুল হক চৌধুরী প্রমুখ।এই অনুষ্ঠানে খ্যাতনামা অভিনেতা টেলিসামাদ ও শিক্ষক গুরুপদ দাসকে গুণীজন সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া সদর উপজেলার ১৬০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এর আগে বিচারপতি হাবিবুর রহমান সদর উপজেলার রুঘুরামপুরে মাটিতে কোপ দিয়ে খননকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ও বজ্রযোগিনীর অতীশ দীপংকরের স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেন। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এবং অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ‘ঐতিহ্য অন্বেষণ’ গবেষণা অনুসন্ধান ও খনন করছে। এক বছর আগে প্রথম পর্যায়ের প্রত্নতাত্ত্বিক খননকাজ শুরু হয়।