মাটির নিচে নষ্ট হচ্ছে ২ কোটি টাকার সম্পদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্মাণের ১৭ বছর পরও চালু হয়নি ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার পানি সরবরাহ প্রকল্প। প্রকল্প চালু না হলেও দীর্ঘ সময়ে প্রকল্পের কাজে ব্যবহূত দুই কোটি টাকা মূল্যের বিভিন্ন যন্ত্র মাটির নিচে নষ্ট হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেন।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, ওই পৌর শহরের বাসিন্দাদের বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ১৯৯৫-৯৬ অর্থবছরে দুই কোটি টাকা ব্যয়ে পানি সরবরাহ প্রকল্পের কাজ শুরু হয়। প্রকল্পের আওতায় পৌর শহরের ১৫ কিলোমিটার পাইপলাইন স্থাপন ও দুটি পাম্প হাউস নির্মাণ করা হয়। এ ছাড়া পৌর শহরের বিভিন্ন সড়কে বেশ কিছু ছোট কল স্থাপন করা হয়। ১৯৯৭ সালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রকল্পের কাজ শেষ করে পৌরসভার কাছে হস্তান্তর করে।

গৌরীপুর পৌরসভা সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় এখন পর্যন্ত শুরু হয়নি পানি সরবরাহের কাজ। মাটির নিচে স্থাপিত পানি সরবরাহ পাইপে বিভিন্ন যান্ত্রিক ত্রুটিও রয়েছে। ১৭ বছরে পানি সরবরাহ শুরু না হলেও প্রকল্প পরিচালনার জন্য পৌরসভা থেকে পাম্পচালক পদে দুজন কর্মচারী রয়েছে। তাঁদের বেতন-ভাতা ও অন্যান্য খাতে পৌরসভা প্রতিবছর এক লাখ ৬৪ হাজার টাকা দিচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পৌরসভার এক কর্মচারী জানান, ১৭ বছর আগে গৌরীপুরের মতো মফস্বল শহরে বসতবাড়িতে পানি সরবরাহের কোনো প্রয়োজন ছিল না। প্রকল্পটি ছিল অদূরদর্শী চিন্তা।

স্থানীয়দের অভিযোগ, পৌরসভা স্টেশন সড়ক, ইসলামাবাদ মাদ্রাসাসংলগ্ন সড়ক, উত্তরবাজার ও মধ্যবাজার এলাকায় নির্মিত ছোট কলগুলো বিকল হয়ে দীর্ঘদিন ধরে পড়ে আছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে নির্মিত পাইপগুলোতে ছিদ্র হয়ে যাওয়ায় পাইপে জমে থাকা দীর্ঘদিনের পুরোনো পানি দুর্গন্ধ ছড়াচ্ছে। প্রকল্পটি চালু না হওয়ায় পৌর শহরের বাসিন্দারা নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ কারণে পৌরবাসী প্রকল্পটি দ্রুত চালুর দাবি জানিয়েছেন।

জনস্বাস্থ্য অধিদপ্তরের গৌরীপুর উপজেলা প্রকৌশলী আবদুল মান্নান খান জানান, কিছু ত্রুটি থাকার কারণে পানি সরবরাহ করা যাচ্ছে না। পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম জানান, পানি সরবরাহ পাইপলাইন সংস্কারের বিষয়টি সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ পেলে অচিরেই ত্রুটিপূর্ণ পাইপলাইন সংস্কার করে পানি সরবরাহ প্রকল্পটি চালু করা হবে।