
দোকানের নাম নেই, নেই কোনো সাইনবোর্ড। তাতে কী! নামহীন এই দোকানের সামনেই মানুষের ভিড়। সবাই কিনতে চান জিলাপি। তাই কড়াই বড় হলেও ভেজে কুলিয়ে উঠতে পারছেন না কারিগর সাফাত আলী। কড়াই থেকে সরাসরি দাঁড়িপাল্লায় গিয়ে উঠছে জিলাপি। এ রকম কাড়াকাড়ি করে ক্রেতারা জিলাপি কিনছেন রাজশাহী নগরের বাটার মোড়ে। সেখানে অর্ধশত বছর ধরে জিলাপির রমরমা ব্যবসা। ইফতারসামগ্রী হিসেবে এই জিলাপির কদর বেশি। সবার কাছে একনামে পরিচিত বাটার মোড়ের জিলাপি।
বাটার মোড়ের অদূরেই গণকপাড়ার মোড়। সেখানে রহমানীয়া হোটেল অ্যান্ড রেস্তোরাঁর সামনে আরেক শ্রেণির খদ্দেরের ভিড়। সেখানে ৬৫ বছর ধরে মাটির পাত্রে অভিনব এক ইফতার সামগ্রী পাওয়া যায়। নাম শাহি ফিরনি। আধুনিক সব ইফতারসামগ্রীর পাশে হারিয়ে যায়নি ফিরনি। রেস্তোরাঁর কর্মচারীরা বললেন, যে পরিমাণ ফিরনি তাঁরা তৈরি করছেন, চাহিদা তার চেয়ে বেশি থাকে। গত দুদিনে সাড়ে ৪০০ বাটি করে তৈরি করছেন। তারপরও চাহিদা ছিল।
গতকাল মঙ্গলবার বিকেলে বাটার মোড়ে গিয়ে কথা হয় নগরের ছোট বনগ্রামের জাহিদ হোসেনের সঙ্গে। জিলাপি কিনতে আসা এই ব্যবসায়ী বলেন, ‘এদের স্বাদের একটা ব্যাপার আছে। ঐতিহ্যও আছে। প্রতিবছরই ইফতারের জন্য জিলাপি এখান থেকেই কিনি।’ জিলাপির দোকানের মালিকের নাম শামীম খান। তিনি বললেন, জিলাপির চাহিদার কারণে সাইনবোর্ড তৈরির দরকার পড়ে না। পঞ্চাশের দশকে সাইনবোর্ড ছিল। নাম ছিল রানিবাজার রেস্টুরেন্ট। সেটা নষ্ট হয়ে যাওয়ার পর আর সাইনবোর্ডের দরকার পড়েনি। বাটার মোড়ের জিলাপির নামেই দোকান চলে।
গণকপাড়ার মোড়ে গতকাল বিকেলে শাহি ফিরনি কিনছিলেন ব্যবসায়ী কাজী বাদশা। তিনি বললেন, ১০ বছর ধরে রোজায় ইফতারের সঙ্গে এই শাহি ফিরনি কেনেন তিনি। এটা ঐতিহ্য এবং স্বাদের কারণে রাখতে হয়।
শাহি ফিরনি হোটেলের স্বত্বাধিকারী রিয়াজ আহাম্মেদ খান বলেন, ১৯৫২ সালে তাঁর দাদা আনিছুর রহমান খান এই হোটেল প্রতিষ্ঠা করেন। তখন থেকে তিনি এখানে শাহি ফিরনি বিক্রি চালু করেন। তখন এক বাটি ফিরনির দাম ছিল চার আনা। দাদার মৃত্যুর পর তাঁর বাবা আব্দুল বারি খান এই ব্যবসার হাল ধরেন। বাবার মৃত্যুর পর তিনি এখন এই ব্যবসা দেখাশোনা করছেন। রিয়াজ আহাম্মেদ বলেন, শুরু থেকেই প্রতিটি বাটিতে ১০০ গ্রাম করে ফিরনি দেওয়া হয়। এত বছর পরও তাঁরা আসল শাহি ফিরনির মান অটুট রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই জন্য উত্তরোত্তর এর চাহিদা বেড়েই চলেছে। দাম শুধু চার আনা থেকে বেড়ে হয়েছে ২৫ টাকা।
নগরের সাহেব বাজারে জিরো পয়েন্টের পাশে আরেক শ্রেণির ইফতার সামগ্রীর পসরা নিয়ে বসে চিলিজ চাইনিজ রেস্টুরেন্ট। তাদের ইফতারসামগ্রীতে একটু ভিন্নতা রয়েছে। তাদের শাহি মোরগ পোলাও, রেশমি জিলাপি, তন্দুরি চিকেন, ভেটকি মাছের সাসলিক, হালিম, দইবড়া, চিকেন ক্রিসপি বল, লেবানিজ কাবাব, ফ্রায়েড চিকেন, লিভার কাবাব জনপ্রিয় ইফতারসামগ্রী।