মাটির বিছানায় শায়িত রহমান বয়াতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ-বিদেশে লোকসংগীতের চর্চা ও প্রসারে অসামান্য ভূমিকা রাখলেও আবদুর রহমান বয়াতি কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি। কিন্তু অকৃত্রিম ভালোবাসা পেয়েছেন অগণিত ভক্ত-অনুরাগীর। বৃষ্টিভেজা শরতের দুপুরে সেই সব অশ্রুসিক্ত ভক্ত-অনুরাগীর শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে তিনি চিরনিদ্রায় শায়িত হলেন মাটির বিছানায়।গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে শত মানুষের পুষ্পার্ঘ্য নিবেদন শেষে তিন দফা জানাজার পর শিল্পীর নিজ এলাকার স্বামীবাগ-বেগমগঞ্জ পঞ্চায়েত কবরস্থানে বাবা-মায়ের কররের পাশে দাফন করা হয়। এক দশক ধরে রোগভোগের পর গত সোমবার সকাল সাড়ে সাতটায় ৭৭ বছর বয়সে রাজধানীর একটি হাসপাতালে আবদুর রহমান বয়াতি শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।গতকাল বারডেম হাসপাতালের হিমঘর থেকে শিল্পীর মরদেহ নিয়ে আসা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সেখানে মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সমাজের সর্বস্তরের মানুষ। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ, তাঁর শেষ আবাসস্থল মাতুয়াইলের মৃধাবাড়ী ও সূত্রাপুর নূর মসজিদে তিন দফা জানাজা হয়।গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল তখন। ঘড়ির কাঁটায় তখন বেলা ১১টা ২৫ মিনিট। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে একটি কালো ব্যানারের নিচে বিশেষ টেবিল রাখা হয়। এরই মধ্যে বেজে উঠল ‘মন আমার দেহ ঘড়ি, সন্ধান করি/ বানাইছে কোন মেস্তুরি’। গানটি শেষ হতে না-হতেই মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি এসে থামল শহীদ মিনারে। কাছের মানুষদের কাঁধে চড়ে শেষবারের মতো শহীদ মিনারে এলেন মরমি সংগীত সাধক আবদুর রহমান। জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছের পরিচালনায় শুরু হয় শ্রদ্ধা জ্ঞাপনের পালা। প্রথমেই রণজিৎ কুমার বিশ্বাসের নেতৃত্বে সংস্কৃতি মন্ত্রণালয় পুষ্পার্ঘ্য নিবেদন করে মরদেহে। একে একে শ্রদ্ধা জ্ঞাপন করে শিল্পকলা একাডেমী, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, উদীচী শিল্পীগোষ্ঠী, বিজিএমইএ, ঢাকা পদাতিক, বহ্নিশিখা, ঋষিজ শিল্পীগোষ্ঠী, দেশ টেলিভিশন, পথনাটক পরিষদ, বহ্নিশিখা, বেঙ্গল ফাউন্ডেশন, বাংলা একাডেমী, ছায়ানট, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বাংলাদেশ টেলিভিশন শিল্পী সংস্থা, বাংলাদেশ টেলিভিশন, কণ্ঠশীলন, গণতন্ত্রী পার্টি, কেন্দ্রীয় খেলাঘর আসর, বাউলশিল্পী সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শ্রদ্ধা জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, মফিদুল হক, নাসির উদ্দীন ইউসুফ, আসাদুজ্জামান নূর, ঝুনা চৌধুরী, চলচ্চিত্র ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার, চাষী নজরুল ইসলাম, ইন্দ্রমোহন রাজবংশী, ফকির আলমগীর, কুদ্দুছ বয়াতি, সংগীতশিল্পী মনির খান, মাকসুদ প্রমুখ।