মাটির মানুষ লিয়াকত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিয়াতক আলী। সবাই তাঁকে লিটন নামে চেনেন। স্বল্প আয়ের এই মানুষটি মায়ের নামে একটি প্রাথমিক বিদ্যালয় গড়েছেন। প্রবাসে থেকেছেন। ডেসটিনিতে (বন্ধ হয়ে যাওয়া) যোগ দিয়ে সর্বশান্ত হয়ে নিরাপত্তাকর্মীর চাকরি নিয়েছিলেন।
সব শেষে গত ৩ জুলাই রাতে ঢাকার উত্তরায় দুর্বৃত্তের গুলিতে নিহত হন তিনি। ওই রাতে এক কলেজছাত্রীকে অপহরণের সময় বাঁধা দেওয়ায় তাঁকে গুলি করে হত্যা করা হয়।
লিয়াকতের বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের কালীগঞ্জ মুসল্লিপাড়ায়। সাত ভাইবোনের মধ্যে সবার বড়। আবাদী জমি তেমন একটা নেই। ১৯৮৯ সালে পৈত্রিক জায়গায় মা লাইলী বেগমের নামে ‘নামাপাড়া লাইলী বেগম প্রাথমিক বিদ্যালয়’ গড়ে তোলেন। এটি এখন সরকারি বিদ্যালয় হয়েছে।
লিয়াকত এই স্কুলে এক সময় শিক্ষকতাও করেছেন। তাঁর স্ত্রী মোরশেদা আখতার ওই স্কুলের সহকারী শিক্ষক। তিনি জানান, ২০০১ সালে চাকরি ছেড়ে কিছু জমি বিক্রি করে তিনি দুবাই চলে যান। ২০০৪ সালের শেষ দিকে দেশে ফিরে ডেসটিনিতে যোগ দেন। ডেসটিনি বন্ধ হয়ে গেলে লিয়াকত নিজের সাত লাখ টাকা হারান। সেই সঙ্গে বেশ কিছু টাকা দেনাও হয়ে যায়। এই টাকা শোধ করতে বসতভিটের একটি অংশ বিক্রি করতে হয়েছে তাঁকে। এরপর ঢাকায় আসেন চাকরির খোঁজে। খুন হওয়ার সাত দিন আগে উত্তরার একটি বাড়িতে নৈশপ্রহরীর কাজ নেন তিনি।
লিয়াকতের স্ত্রী ও দুই ছেলে সন্তান রয়েছে। ছোট ছেলে মোরশেদুল জান্নাত মিম চতুর্থ শ্রেণিতে ও বড় ছেলে মিশকাতুল মোস্তাকিম জিম নবম শ্রেণিতে পড়ছে।
লিয়াকতের বাবা নাজমুল হুদা কাঁদতে কাঁদতে বলেন, ‘বাবারে এই ছেলে আমার মাটির মানুষ। ওর মায়ের নামে স্কুল দিয়া গ্রামের মুখ উজ্জলকরছে। কিন্তু কোন্টে থাকি যে কী হয়া মোর ছাওয়াটা খুন হইল। এই খুনের কী বিচার হবার নয়?’