মাটির সঙ্গে মিতালি শেখায় 'বাতিঘর'

শিশু বৈশাখী মাটি দিয়ে মুকুট, আম আর স্কুলের এক শিক্ষকের মুখের মূর্তি বানিয়েছে। সে অশ্বত্থ, আম, আমলকী, কৃষ্ণচূড়া, জামরুলগাছও চেনে। জামরুল ফুলের রং কেমন জানতে চাইলে বলল, বেগুনি। আমপাতা মনে হয় একটু গোল গোল হয়? প্রতিবেদকের মুখে এ প্রশ্ন শুনে প্রবলবেগে মাথা নেড়ে এবং হাত দিয়ে আঁকার ভঙ্গি করে জানাল আমপাতা লম্বাটে।
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে এবার তৃতীয় শ্রেণিতে উঠেছে বৈশাখী নামের এই শিশুটি। বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয়ে এসেছে প্রকৃতির সঙ্গে পরিচিত হতে।
বৈশাখী নিজেই জানাল, বাবা-মা বাসায় কখনোই মাটি ধরতে দিত না। কিন্তু বাতিঘরে মাটি দিয়ে সারা শরীর মাখামাখি করলেও কেউ কিছু বলে না।
গতকাল শনিবার বিকেলে রাজধানীর লালমাটিয়ায় অবস্থিত বাতিঘরে গিয়ে বৈশাখী, মানহা, তহণ ও অন্যদের সঙ্গে কথা হয়। ৩ থেকে ১৪ বছর বয়সী শিশুরা সপ্তাহে শুক্র ও শনিবার (দুই শিফট) বাবা, মায়ের হাত ধরে বাতিঘরে আসে। গান, নাচ, চারু ও কারুকলা, আবৃত্তি ও অভিনয়, যুক্তিকথা, বিশ্ব পরিচয়, মাটি দিয়ে বিভিন্ন জিনিস বানানো, গাছ চেনা, পাখি চেনা, দেশের ঐতিহাসিক স্থানগুলোতে যাওয়াসহ বিভিন্ন কিছু নিয়ে ব্যস্ত থাকে। তিন থেকে চার বছর বয়সী শিশুরা ‘ইচ্ছে’ শ্রেণিতে বিভিন্ন জিনিসের সঙ্গে পরিচিত হয়। ১৮ মাসের প্রস্তুতি পর্ব বা কোর্স শেষ হওয়ার পর একেকজনের পছন্দ অনুযায়ী কে কোনটা শিখবে, তা ঠিক করা হয়। চার বছর পর সে তার ইচ্ছা অনুযায়ী যেকোনো বিষয় বেছে নিতে পারে।
লালমাটিয়ায় ছোট পরিসরে স্কুলটিতে কেউ কেউ বাল্মিকী প্রতিভা নৃত্যনাট্যের তালিম নিচ্ছে। কেউ কেউ ছড়া গান গাইছে। একজন জানাল, তার কিছুই করতে ইচ্ছে করছে না। এখানে বলতে গেলে ধরাবাঁধা কোনো নিষেধাজ্ঞা নেই। অভিভাবকদের কেউ কেউ সন্তানের সঙ্গে সেখানেই বসে আছেন।
বাতিঘরের পরিচালক তামান্না সেতু ও প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মেহেদী হাসান সম্পর্কে স্বামী স্ত্রী। এটি তাঁদের একটি স্বপ্ন। সেখানে চোখে নীলাকাশ, বুকে বিশ্বাস আর পায়ে উর্বর পলি নিয়ে শিশুরা এগিয়ে চলে। ‘অরুণ আলোর সোনার কাঠি ছুঁইয়ে দাও’ স্লোগান সামনে রেখে প্রতিষ্ঠানটি তার প্রথম জন্মোৎসব পালন করেছে।
মেহেদী হাসান জানালেন, বাতিঘরে কোনো কিছু শেখানো হয় না। সবকিছুর সঙ্গে পরিচিত করানো হয়। বিদ্যালয়টির বয়স খুব বেশি নয়। মাত্র দেড় বছর। শিক্ষার্থীর সংখ্যা ১০০ জন ছাড়িয়েছে। বেতন মাসে ১ হাজার ৫০০ টাকা। এ টাকা দিয়েই মাটি কেনা, রং-তুলি কেনা, টিফিন খরচ—সব চলে।
তামান্না সেতু প্রথম আলোকে বলেন, বাংলা সংস্কৃতির বিভিন্ন ধারার সঙ্গে পরিচিত করানো হচ্ছে শিশুদের। লালনের জীবন বা এস এম সুলতানকে জানছে। তারা তাদের শিকড়ের সঙ্গে পরিচিত হচ্ছে। কোনো ধরনের প্রতিযোগিতার মধ্যে ঠেলে না দিয়ে তাদের প্রকৃত বাঙালি ও মানুষ হিসেবে বড় করে তোলার চেষ্টা চালানো হচ্ছে। টিফিনের সময় পিঠা, দেশীয় ফল দেওয়া হচ্ছে।
তামান্না সেতুর পাশেই বসা নাচের শিথিকা বীথিকা পাল যোগ করলেন, এমনও সময় গেছে যে বাচ্চাদের টিফিন দেওয়াই কষ্টসাধ্য ব্যাপার ছিল। তখন আমি বাসা থেকে মোয়া বানিয়ে এনেছি। বাতিঘরে আসা এক শিশুর মা সঞ্চিতা ইসলামের চোখে-মুখে এখন খুশির ঝিলিক। চার বছরের ছেলে নক্ষত্র, মোবাইল, ভিডিও গেমসহ বিভিন্ন গেজেটের মধ্যে ডুবে থাকত। সেই ছেলের মুখে ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শুনে তিনি খুশিতে আত্মহারা। ‘টম অ্যান্ড জেরি’ বা ভিডিও গেম এখন আর ততটা মনোযোগ কাড়ে না তার।