মাটির স্তূপে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ইটভাটার মাটির স্তূপে চাপা পড়ে আবদুল গফ্ফার (৪৪) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার এলাকার এফএমভি ব্রিকসে গত শনিবার এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই ইটভাটার মাটির স্তূপের পাশে শনিবার দুপুর আড়াইটার দিকে মাটি কাটছিলেন শ্রমিকেরা। এ সময় মাটিবোঝাই ট্রাক্টর মাটির স্তূপের ওপর উঠলে স্তূপের পাড় ভেঙে যায়। এতে সেখানে কর্মরত পাঁচ শ্রমিকের মধ্যে চারজন দৌড়ে বেঁচে গেলেও মাটির নিচে পড়েন গফ্ফার। পরে ভেঙে পড়া মাটি সরিয়ে গফ্ফারকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগে সন্ধ্যায় পথেই তাঁর মৃত্যু হয়। গতকাল রোববার সকালে তাঁর দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় গতকাল নিহতের স্ত্রী জাহানারা বেগম বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।